সবজির দামে স্বস্তি নেই
বেশ কিছু সবজির মৌসুম শেষ, সরবরাহ কম, বৃষ্টি এমন সব অজুহাতে রাজধানীর সব খুচরা বাজারে সবজির দাম বাড়তি। তবে ৮০ থেকে ১০০ ঘরে থাকা সবজিগুলোর দাম কিছুটা কমে এখন ৬০ থেকে ৮০ টাকার ঘরে নেমেছে।
শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।
আজকের বাজারে প্রতি কেজি গাঁজর বিক্রি হচ্ছে গাজর ৮০ টাকায়, শসা প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৭০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি ৮০ টাক, ঝিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৬০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা, বেগুন প্রতি কেজি ৮০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মগবাজার বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী হায়দার আলী। তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে সব ধরনের সবজির দাম অতিরিক্ত। বাজারে বেশিরভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কি কারণে হঠাৎ সবজির দাম এমন বাড়তি, সেটা সমাধানে বাজার মনিটরিং এর কোনো উদ্যোগ কখনো দেখি না। বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়িয়ে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করে।
কারওয়ান বাজারের সবজি বিক্রেতা আলমগীর হোসেন বলেন, বৃষ্টির কারণে বাজারের সবজির সরবরাহ কিছুটা কম। যে কারণে সবজির দাম বাড়তি। আসলে পাইকারি বাজারে তুলনামূলক কম দাম থাকলেও এখান থেকে যারা নিয়ে গিয়ে রাজধানীর বিভিন্ন ছোট খুচরা বাজারে বিক্রি করে তারা আরও বেশি দাম বাড়িয়ে দেয়। তবে কিছুদিনের বৃষ্টি, সবজির মৌসুম অনেকগুলো শেষ হওয়ার কারণে সবজির দাম বাড়তি যাচ্ছে। নতুন কোনো সবজি উঠলে, সরবরাহ বাড়লে আবারো সবজির দাম কমে আসবে।
সবজির দাম নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চাইলে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান দৈনিক স্বদেশ বাংলাকে বলেন, সবজির দাম নিয়ন্ত্রণ করা কিছুটা কঠিন। কারণ খুচরা বিক্রেতারা ক্রেতাকে মেমো দেন না। আবার ক্রেতারাও মেমো নিতে আগ্রহী হন না। ফলে একটা সিস্টেমের মধ্যে আনা যায় না। তবে পাইকারী বিক্রেতারা যাতে ক্যাশ মেমো দেন সেটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। যাতে পণ্য মূল্য একটা নিয়মের মধ্যে থাকে।






আপনার মতামত লিখুন