হতাহতের তথ্য গোপন করা হচ্ছে, এমন দাবি অপপ্রচার: প্রেস উইং
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর হতাহতের সংখ্যা গোপন করার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, “হতাহতের তথ্য গোপনের কোনো প্রশ্নই ওঠে না। বরং বাংলাদেশ সরকার, সেনাবাহিনী, হাসপাতাল এবং বিদ্যালয় কর্তৃপক্ষ একযোগে সঠিক তথ্য নিশ্চিত করতে কাজ করছে।”
বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় নিহতদের মধ্যে যাদের মরদেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে, তাদের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে ঢাকার বিভিন্ন হাসপাতালে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সর্বাত্মক সহায়তা অব্যাহত রয়েছে বলে জানানো হয়। আহত-নিহতদের তালিকা নির্ভুলভাবে প্রস্তুত করতে নিবেদিতভাবে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
জনগণের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয়, “আপনার পরিচিত কেউ এই দুর্ঘটনায় নিখোঁজ হয়ে থাকলে, অবিলম্বে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। সেখানে একটি কন্ট্রোল রুম চালু করা হচ্ছে। বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য তথ্যসূত্র ব্যবহার করে নিখোঁজদের শনাক্তকরণ প্রক্রিয়া চালু রয়েছে।”
প্রসঙ্গত, মর্মান্তিক এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট এবং একজন শিক্ষিকা রয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “আহত অবস্থায় ৭৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইনস্টিটিউটে দুইজন ভেন্টিলেশনে আছেন এবং তাদের চিকিৎসায় সকল প্রস্তুতি সম্পন্ন।”






আপনার মতামত লিখুন