ছাত্রশিবিরের উদ্যোগে ৩৬ জুলাই স্মৃতি ডকুমেন্টারি’ প্রদর্শন
গত বছরের ঐতিহাসিক জুলাই আন্দোলনের বাস্তবচিত্র ও শহীদদের আত্মত্যাগ শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে আয়োজিত হয়েছে ৩৬ জুলাই স্মৃতি ডকুমেন্টারি প্রদর্শনী।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ছাত্রশিবির কলেজ শাখার উদ্যোগে মাগরিব নামাজের পর কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এই শিক্ষামূলক অনুষ্ঠানে প্রদর্শিত হয় একটি তথ্যবহুল প্রামাণ্য চিত্র। এতে ৩৬ জুলাইয়ের ঘটনার পটভূমি, আন্দোলনের ধারাবাহিকতা, শহীদদের সংগ্রাম ও ত্যাগ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলার সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবির সবসময়ই শিক্ষাবান্ধব, নৈতিক ও আদর্শিক কার্যক্রমে বিশ্বাসী। ৩৬ জুলাই স্মৃতি ডকুমেন্টারির মতো উদ্যোগ ইতিহাসচর্চা, দেশপ্রেম এবং নৈতিক শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ আরও বাড়াবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরাও জানান, “এ ধরনের আয়োজন আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা ইতিহাসকে বইয়ের বাইরে বাস্তব রূপে দেখলাম। ভবিষ্যতে আরও এমন আয়োজন কামনা করি।”
প্রদর্শনী শেষে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মাঝে অনুষ্ঠানটি ব্যাপক প্রশংসা অর্জন করে। অংশগ্রহণকারীরা প্রত্যাশা করেন, এ ধরনের সচেতনতামূলক ও শিক্ষামূলক কার্যক্রম যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।
হৃদয় আহম্মেদ শাওন






আপনার মতামত লিখুন