রমজানের আগেই নির্বাচনের দাবি রিজভীর
কুড়িগ্রামে শহীদ পরিবারের পাশে বিএনপি
দেশের সংকটময় পরিস্থিতিতে জনগণের সেন্টিমেন্ট বুঝে আগামী রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের পাশে বিএনপি’ আয়োজিত সহায়তা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কুড়িগ্রামের ১০ শহীদ পরিবারকে বিএনপির পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।
রিজভী বলেন, “ড. ইউনুস সরকারকে আমরা সমর্থন জানিয়েছি, কারণ তারা শেখ হাসিনার সরকারের মতো অর্থ পাচার করবে না। তারা জনগণের ভোট বুঝবে, সেন্টিমেন্ট বুঝবে। জনগণের রায়ের প্রতিফলন ঘটাতে হবে রমজানের আগেই।”
তিনি আরও বলেন, “তারেক রহমানকে নিয়ে অপপ্রচার করবেন না। তাহলে আপনাদের ওপরই অনেক কিছু নেমে আসবে। সোহাগ হত্যার ঘটনায় কেবল বহিষ্কার নয়, মামলা হয়েছে। আইনের পথে বিচার হবে।”
রিজভী অভিযোগ করেন, “জিয়াউর রহমানের অনুকম্পায় কিছু ইসলামী দল রাজনীতি করার সুযোগ পেয়েছে। এখন তারাই বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করছে। আপনারা এক সময় এরশাদকে গালি দিলেও পরবর্তীতে তার সাথেই হাত মিলিয়েছেন। অথচ বিএনপি ও খালেদা জিয়া কখনও জনগণের কাছ থেকে সরে দাঁড়াননি।”
তিনি বলেন, “আমরা ১৬ বছর লড়াই করেছি। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ও আইনের শাসনের জন্য এই লড়াই। ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।”
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন—বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং সাইফুর রহমান রানা প্রমুখ।






আপনার মতামত লিখুন