সাপের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
কুসংস্কারে হারালো তরুণ প্রাণ
একটি প্রাণ বাঁচানো যেত, যদি সময়মতো সঠিক চিকিৎসা হতো। কিন্তু কুসংস্কার আর অজ্ঞতার বশে অকালেই ঝরে গেল সম্ভাবনাময় এক তরুণ—এইচএসসি পরীক্ষার্থী অপু (১৯)। ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে আক্রান্ত হওয়ার পর পরিবারের ভুল সিদ্ধান্তে চিকিৎসাবঞ্চিত হয়ে তার মৃত্যু হয়েছে।
অপু শৈলকুপা সিটি কলেজের ছাত্র এবং উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের বাসিন্দা সেকেন্দার আলীর ছেলে।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, গত শনিবার গভীর রাতে (আনুমানিক ৪টার দিকে) অপুকে একটি বিষধর সাপ দংশন করে। তখনই অসুস্থ হয়ে পড়লেও, হাসপাতালে নেওয়ার পরিবর্তে পরিবারের সদস্যরা তাকে প্রথমে নিয়ে যান স্থানীয় এক ওঝার কাছে। সেখানে কিছুক্ষণ ঝাড়ফুঁকের পর অপুকে বাড়িতে ফিরিয়ে এনে ঘুমাতে দেওয়া হয়।
কিন্তু তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকলে পরদিন তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকেরা যখন অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই পরিবারের সদস্যরা অপুকে সেখান থেকে জোরপূর্বক ঋষিপাড়ার চিত্ত সাপুড়িয়ার কাছে নিয়ে যান।
চিত্ত ওঝা চিকিৎসার প্রয়োজনীয়তার কথা বললেও, পরিবারের সদস্যরা আবারও তার কথা উপেক্ষা করেন এবং কবিরাজি পদ্ধতির ওপর আস্থা রাখেন।
অবশেষে যখন অপুর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে, তখন তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করার পথে, চিকিৎসকের কাছে পৌঁছানোর আগেই অপু মৃত্যুর কোলে ঢলে পড়ে।
অপুর মৃত্যু কেবল একটি দুঃখজনক দুর্ঘটনা নয়—এটি সমাজে প্রচলিত কুসংস্কার, চিকিৎসা সম্পর্কে অজ্ঞতা এবং বিকল্প চিকিৎসার প্রতি অন্ধ বিশ্বাসের নির্মম পরিণতি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাপের কামড়ের মতো জরুরি বিষয়ে দ্রুত হাসপাতালে পৌঁছে অ্যান্টিভেনম নেওয়াই একমাত্র কার্যকর উপায়। অপু যদি সময়মতো আধুনিক চিকিৎসা পেত, তাহলে হয়তো এই মর্মান্তিক মৃত্যু এড়ানো সম্ভব হতো।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল ও শিক্ষার্থীরা জানায়, অপুর মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে—স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসার বিষয়ে সমাজ এখনো কতটা পিছিয়ে।






আপনার মতামত লিখুন