চাঁদপুরে এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর মর্মান্তিক আত্মহত্যা
চাঁদপুরের কচুয়া উপজেলায় এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে অকৃতকার্য হওয়ায় মাহমুদা আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে উপজেলার চাঁদপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবার জানায়, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর মাহমুদা জানতে পারে সে গণিতে ফেল করেছে। এরপরই মানসিকভাবে ভেঙে পড়ে মেয়েটি।
শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরে বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মাহমুদা।
স্থানীয়রা জানায়, মাহমুদা আক্তার ছিলেন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাবা জসীম উদ্দীন একজন প্রবাসী।
জানালার ফাঁক দিয়ে ঝুলন্ত অবস্থায় মাহমুদাকে দেখতে পেয়ে প্রতিবেশীরা চিৎকার শুরু করে। পরে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হলে দেখা যায়, সে ইতোমধ্যে মারা গেছে।
এ বিষয়ে কচুয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জিয়াউল হক জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”






আপনার মতামত লিখুন