মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে লড়াই চলবে: সৈয়দপুরে নাহিদ ইসলাম
ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলেও দেশে মাফিয়াতন্ত্র এখনো পুরোপুরি নির্মূল হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, “দেশ গড়ার লক্ষ্যে আমরা জুলাই পদযাত্রা শুরু করেছি। উত্তরাঞ্চল থেকে এই পদযাত্রা শুরু হলেও ইতোমধ্যে মানুষের বিপুল সাড়া মিলেছে। খুব শিগগিরই এ কর্মসূচি সারাদেশে ছড়িয়ে যাবে। উন্নয়ন শুধু ঢাকা কেন্দ্রিক না হয়ে গোটা দেশজুড়ে ছড়িয়ে দিতে হবে।”
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “ছাত্র-জনতার গণআন্দোলনে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, কিন্তু দেশের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে থাকা মাফিয়াতন্ত্র এখনো বহাল। আমাদের লড়াই শুধু সরকারের বিরুদ্ধে নয়, একটি শোষণমুক্ত রাষ্ট্রব্যবস্থার জন্য।”
জিয়ারতকালে শহীদ সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর ইসলামের দোয়া পরিচালনায় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
পরে নেতারা সৈয়দপুরের বিহারী ক্যাম্প পরিদর্শন করেন এবং পাঁচমাথা মোড়ে গণসংযোগে অংশ নেন।
এরপর জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এক পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “পদযাত্রা কর্মসূচিকে ব্যাহত করতে যে গোষ্ঠী আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তারা গণজাগরণকে দমন করতে চায়। কিন্তু মানুষ আর পিছু হটবে না। আর এবার যখন জনগণ রাস্তায় নামবে, তখন কাউকে ক্ষমা করা হবে না।”
তিনি আরও বলেন, “আমরা দেশের নানা প্রান্তে পদযাত্রা করছি। মানুষের মুখে মুখে যে আশাবাদ, যে উদ্দীপনা, তা অভাবনীয়। হামলা-হুমকি দিয়ে এ উদ্দীপনাকে থামানো যাবে না।”
পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “নতুন বাংলাদেশ গড়ার আগে চাই কাঠামোগত সংস্কার। শুধু সরকার বদল নয়, এই ভাঙা ব্যবস্থা বদলানো জরুরি। ফ্যাসিবাদ যে প্রক্রিয়ায় জন্ম নেয়, সে প্রক্রিয়াই আমাদের রুখে দিতে হবে।”
তিনি বলেন, “বর্তমানে দেশে যেটিকে সংবিধান বলা হচ্ছে, সেটি প্রকৃতপক্ষে আওয়ামী বিধান। এটি পরিবর্তন না হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”
জুলাই পদযাত্রা সৈয়দপুরে পৌঁছালে রেলওয়ে অফিসার্স ক্লাবের সামনে এনসিপির নীলফামারী জেলা আহ্বায়ক মোহাম্মদ আবদুল মজিদ ও স্থানীয় নেতা তানজিমুল আলমসহ অন্যান্য নেতারা পদযাত্রায় অংশগ্রহণকারী নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।






আপনার মতামত লিখুন