১০৫ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় , বর্ণাঢ্য আয়োজন
আজ ১ জুলাই, ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় তার ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নেওয়া হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি।
১৯২১ সালের এই দিনে মাত্র ৮৪৭ শিক্ষার্থী, ১২টি বিভাগ এবং ৩টি অনুষদ নিয়ে যাত্রা শুরু করে এ বিদ্যাপীঠ। আজ এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চশিক্ষা ও বুদ্ধিবৃত্তিক অগ্রযাত্রার কেন্দ্রস্থল।
আজকের কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় সকল হল ও হোস্টেল থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রা নিয়ে সমবেত হন স্মৃতি চিরন্তন চত্বরে। সেখান থেকে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যা ক্যাম্পাস প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে শেষ হয়। সেখানে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানের মাধ্যমে উত্তোলন করা হয় জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা। পরে কেক কেটে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে সকাল সাড়ে ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ড. নিয়াজ আহমদ খান। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা, (শিক্ষা) ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। আলোচনা সভার শুরুতে প্রকাশিত হয় বিশেষ স্মরণিকা।
দিবসটি উপলক্ষে কার্জন হল, কলা ভবন, উপাচার্য ভবন, টিএসসি ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে করা হয়েছে আলোকসজ্জা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দিবসের কর্মসূচির কারণে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকলেও নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।






আপনার মতামত লিখুন