আজ পবিত্র হজ , লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফা
সৌদি আরবের আরাফার ময়দানে আজ অনুষ্ঠিত হচ্ছে পবিত্র হজের মূল পর্ব। হিজরি ১৪৪৬ সনের এই হজে অংশ নিয়েছেন বিশ্বের অন্তত ১৫ লাখ ধর্মপ্রাণ মুসলমান।
হজের অংশ হিসেবে মিনায় রাত কাটিয়ে বৃহস্পতিবার ভোরে হজযাত্রীরা সমবেত হন আরাফায়। এখানেই তারা সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। ঐতিহাসিক মসজিদে নামিরায় প্রদত্ত হজের খুতবা শোনার পর একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। সন্ধ্যার পর সবাই রওনা হবেন মুজদালিফার পথে—যেখানে তারা রাত যাপন করে শয়তানকে পাথর মারার জন্য কঙ্কর সংগ্রহ করবেন।
সৌদি হজ মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর বিদেশ থেকে আসা হজযাত্রীর সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। তীব্র গরমের মধ্যে নির্বিঘ্ন হজ নিশ্চিত করতে নিয়োজিত রয়েছেন ২ লাখ ৫০ হাজারেরও বেশি কর্মী। প্রস্তুতির অংশ হিসেবে ৫০ হাজার বর্গমিটার অতিরিক্ত ছায়াযুক্ত জায়গা, ৪০০টি শীতলীকরণ ইউনিট ও বিপুল চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়েছে।
হজমন্ত্রী তৌফিক রাবিয়া জানান, এবার ৪০টির বেশি সরকারি সংস্থা যৌথভাবে কাজ করছে। তবে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে—যারা অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করবেন, তাদের ৫ হাজার ডলার জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
গত বছর হজে অংশ নিয়েছিলেন ১৮ লাখেরও বেশি মুসল্লি। কিন্তু তাদের মধ্যে যাঁরা নিবন্ধন ছাড়াই হজ করতে গিয়েছিলেন, তীব্র তাপপ্রবাহে তাঁদের অনেকে প্রাণ হারান। গত বছরের মৃতদের মধ্যে শত শত মিশরীয় ও ইন্দোনেশীয় হজযাত্রীও ছিলেন।
ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হচ্ছে হজ। শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জীবনে একবার হজ পালন করা ফরজ। হজের প্রথম ধাপে মুসল্লিরা ইহরাম পরিধান করে কাবা শরিফ তাওয়াফ ও সাঈ সম্পন্ন করেন। এরপর তাঁরা মিনা ও আরাফায় গমন করেন। বিদায় হজে এখানেই রাসুলুল্লাহ (সা.) মানবতার ঐতিহাসিক খুতবা দিয়েছিলেন।
আজ সেই আরাফার ময়দান আবারও মুখরিত—‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে।






আপনার মতামত লিখুন