মহুয়া মৈত্র বহিষ্কার: সংসদে বিরোধী কণ্ঠরোধের অভিযোগ!
জেনেভা থেকে তীব্র নিন্দা: মহুয়া মৈত্রর বহিষ্কার ছিল 'আইনবহির্ভূত'

ছবি :সংগৃহীত
ভারতের সুপরিচিত বিরোধী দলীয় সংসদ সদস্য মহুয়া মৈত্রকে ২০২৩ সালে লোকসভা থেকে বহিষ্কারের ঘটনায় কড়া সমালোচনা করেছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত এই বিশ্বসংসদীয় সংস্থা তাদের সাম্প্রতিক রিপোর্টে স্পষ্টভাবে জানিয়েছে, মহুয়া মৈত্রকে বহিষ্কারের “কোনো আইনি ভিত্তিই ছিল না।”

সংসদীয় গণতন্ত্রে ভারতের অবস্থান প্রশ্নবিদ্ধ
আইপিইউ-এর এই পর্যবেক্ষণ ভারতের জন্য অত্যন্ত বিব্রতকর, কারণ দেশটি দীর্ঘদিন ধরে নিজেকে সংসদীয় গণতন্ত্রের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করে আসছে। অথচ এক বিরোধী সাংসদের কণ্ঠরোধ করার জন্য বিতর্কিত নৈতিকতা কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভারতীয় সংসদের নিরপেক্ষতা ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছে।
যেভাবে ঘটেছিল মহুয়া মৈত্রর বহিষ্কার
তৃণমূল কংগ্রেসের এই সংসদ সদস্য ২০১৯ সালে নির্বাচিত হওয়ার পর থেকেই নরেন্দ্র মোদী সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত হন। বিশেষ করে শিল্পপতি গৌতম আদানি ও তার ব্যবসায়িক কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি ধারাবাহিক অভিযোগ তুলেছেন।

২০২৩ সালের অক্টোবরে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ আনেন, মহুয়া মৈত্র সংসদে প্রশ্ন উত্থাপনের বিনিময়ে আদানির প্রতিদ্বন্দ্বী শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে অর্থ ও সুবিধা গ্রহণ করেছেন। এই অভিযোগের ভিত্তিতে লোকসভার নৈতিকতা কমিটি শুনানি ডাকলে মহুয়া মৈত্র সেখানে অপমানজনক প্রশ্নের সম্মুখীন হন এবং প্রতিবাদে শুনানি ত্যাগ করেন। পরবর্তীতে কমিটির সুপারিশের ভিত্তিতে ৮ ডিসেম্বর তাকে বহিষ্কার করা হয়। তবে, পুরো প্রক্রিয়ায় তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি।
আইপিইউ-এর অনুসন্ধান ও প্রতিবেদন
২০২৪ সালের ফেব্রুয়ারিতে জেনেভায় আইপিইউ-এর ১৭৬তম অধিবেশনে বিষয়টি নিয়ে বিশদ আলোচনা হয়। সংস্থাটির ‘পার্লামেন্টারিয়ানদের মানবাধিকার কমিটি’ তাদের তদন্ত শেষে জানায়, মহুয়া মৈত্রর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে একটি বিতর্কিত রিপোর্টের ওপর ভিত্তি করে, যেখানে কোনও ঐকমত্য ছিল না।
আইপিইউ আরও জানায়, “একজন সংসদ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার সময় তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া বাধ্যতামূলক। মহুয়া মৈত্রর ক্ষেত্রে এই অধিকার পুরোপুরি লঙ্ঘিত হয়েছে।”
ভারতীয় সরকারের নীরবতা
আইপিইউ-এর রিপোর্ট প্রকাশের পরও ভারতীয় পার্লামেন্টের স্পিকার কিংবা সংসদীয় মন্ত্রীরা কোনো প্রতিক্রিয়া জানাননি। মহুয়া মৈত্র অবশ্য জানিয়েছেন, “ভারতে একজন সংসদ সদস্যের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার নজিরবিহীন ঘটনা ঘটেছিল। আমি আনন্দিত যে আইপিইউ সেটার স্বীকৃতি দিয়েছে।”

পুনরায় সংসদে মহুয়া মৈত্র
বহিষ্কারের কয়েক মাস পরেই ২০২৪ সালের সাধারণ নির্বাচনে মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করেন এবং কৃষ্ণনগর আসন থেকে জয়লাভ করে সংসদে ফিরে আসেন। তবে, তার পূর্ববর্তী বহিষ্কারের বিষয়টি ভারতের গণতান্ত্রিক কাঠামো ও সংসদীয় স্বাধীনতার ওপর এক গুরুতর প্রশ্নচিহ্ন রেখে গেছে।
স্বদেশ /আজাদ






আপনার মতামত লিখুন