“বখাটের উৎপাতে বাবার অপমান, কিশোরীর আত্মহনন”
বখাটের উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর—অপমান সইতে না পেরে কিশোরীর আত্মহত্যা

ছবি: প্রতীকী
চাঁদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাণবাজার রঘুনাথপুর আশ্রয়ণ প্রকল্পে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় দীর্ঘদিন ধরে এক বখাটের উত্যক্তের শিকার হচ্ছিল কিশোরী সোনিয়া আক্তার (১৪)। পরিবারকে জানানোয় উল্টো প্রতিশোধ নেয় বখাটে ও তার সাঙ্গপাঙ্গরা। প্রকাশ্যে বাবা-মাকে অপমান ও মারধরের ঘটনা সইতে না পেরে সোনিয়া আত্মহননের পথ বেছে নেয়।
বাবাকে মারধর, মাকে হুমকি
শনিবার (২২ মার্চ ২০২৫) দুপুরে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা শরিফ হোসেনের বসতঘরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। সোনিয়ার বাবা জানান, দীর্ঘদিন ধরে নয়ন নামের এক বখাটে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল। বারবার বিরক্ত করার পরও সোনিয়া রাজি না হওয়ায় বিষয়টি পরিবারের কাছে জানায়।
এরপরই শুরু হয় নতুন নাটক। নয়নের বড় ভাই জুয়েল দলবল নিয়ে আশ্রয় প্রকল্পে এসে সোনিয়ার মাকে হুমকি-ধমকি দেয়। এরপর ক্ষিপ্ত হয়ে বাবাকে প্রকাশ্যে মারধর করে অপমান করে। মেয়ের সামনেই বাবা-মাকে লাঞ্ছিত হতে দেখে ভেতরে ভেতরে ক্ষোভ জমে সোনিয়ার। অপমানের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
শেষ চেষ্টা, তবুও মৃত্যু
মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যরা প্রথমে তাকে জীবিত ভেবে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়েছে কিনা, বা অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি।
উঠছে প্রশ্ন, কিশোরী সুরক্ষায় কতটা কার্যকর প্রশাসন?
বখাটেদের দৌরাত্ম্যে কিশোরী মেয়েদের জীবন এখন হুমকির মুখে। দিনের পর দিন এসব ঘটনায় প্রশাসন দৃঢ় ব্যবস্থা না নেওয়ায় এমন মর্মান্তিক পরিণতি ঘটছে। এ ঘটনার পর স্থানীয়রা দাবি তুলেছেন, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে এমন ঘটনা আর না ঘটে।
স্বদেশ /আজাদ






আপনার মতামত লিখুন