১০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন রাবার বাগান শ্রমিকরা
অপহরণের ৭২ ঘণ্টা পর বান্দরবানের লামা উপজেলায় অপহৃত ২৬ জন রাবার বাগান শ্রমিক মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন।
গত ১৫ ফেব্রুয়ারি উপজেলার ফাসিয়াখালি, গয়াল মারা, মুসলিম পাড়া এলাকা থেকে গভীর রাতে পাহাড়ি সন্ত্রাসীরা ৬টি রাবার বাগানের ২৬ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।
আরাফাত রাবার বাগান প্ল্যানটেশনের মালিক মো. শাহজাহান বলেন, তার বাগানের ১২ জনকে মুক্ত করতে ৩ লাখ আর বাকি ৫ বাগানের ১৪ জনকে মুক্ত করতে ৭ লাখ টাকাসহ মোট ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে। জিম্মিদের বেশি মারধর করা হয়েছে। উদ্ধারের পর তাদের এখন কক্সবাজারের ঈদগাঁ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার বিষয়ে লামা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত বলেন, অপহরণকারী পাহাড়ি সন্ত্রাসী গ্রুপটি রাতে চোখ বাঁধা অবস্থায় রাবার বাগান শ্রমিকদের মুরুংঝিড়ি পাড়ায় রেখে চলে যায়।
প্রসঙ্গত, বিগত বছরগুলো থেকে চলতি বছরে লামা উপজেলার রাবার বাগানগুলোতে বিভিন্ন জায়গা থেকে কাজ করতে আসা শ্রমিকদের অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ মুক্তিপণের টাকা আদায়ের মতো ঘটনা ঘটিয়ে চলেছে। গত কয়েক মাসে বেশ কয়েকটি ঘটনায় স্থানীয় রাবার বাগান ব্যাবসায়ীসহ কাজে আশা শ্রমিকরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।






আপনার মতামত লিখুন