৭ বছর পর মা-ছেলের মিলনের অপেক্ষা
দীর্ঘ ৭ বছর পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ হবে। উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফলে দীর্ঘদিন পর এই সুযোগ সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে কাতার হয়ে লন্ডন যাচ্ছেন তিনি।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, যাবতীয় কার্যক্রম শেষ করে রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো আধুনিক সুবিধা সম্বলিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে রওয়ানা হয়েছেন।
বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়াকে লন্ডন বিমানবন্দরে স্বাগত জানাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সফরের মধ্যে দিয়ে নানা চড়াই-উৎরাই পেরিয়ে দীর্ঘ ৭ বছর পর দেখা হতে যাচ্ছে মা খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের।
সেইবার খালেদা জিয়াকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নিজেই গাড়ি চালিয়ে বাসায় নিয়ে যান তারেক রহমান। তার সেই সফরে লন্ডনের মরফিন্ড আই হাসপাতালে খালেদা জিয়ার চোখের অপারেশন করানো হয়েছিল।
খালেদা জিয়ার সফরসঙ্গী তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে লন্ডন বিমানবন্দরে রিসিভ করতে আসবেন বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী এবং লন্ডন বিএনপির নেতারা। বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিক হাসপাতালে নেওয়া হবে। সেখানে তার চিকিৎসা চলবে।






আপনার মতামত লিখুন