বর্ণিল আয়োজনে ডিআরএমসির বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ০৫ জুন (বুধবার) র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে দুপুর সাড়ে ১২টায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এক সুবিশাল র্যালি অনুষ্ঠিত হয়। ছাত্ররা র্যালিতে পরিবেশ দিবসের বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন বহন করে।
র্যালি শেষে কলেজ ক্যাম্পাসে নানান বৃক্ষের চারা রোপণ করা হয়। এরপর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে চিত্রাংকন, রচনা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রকৃতির ঐকতানে টেকসই জীবন গড়তে অধিকহারে বৃক্ষরোপণ, পরিবেশগত সমস্যা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে ও পৃথিবীকে রক্ষা করার জন্য ইতিবাচক পরিবেশগত পদক্ষেপ নিতে সকলকে আহ্বান জানান এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ ও সুন্দর আগামী নিশ্চিত করার জন্য পরিবেশ রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।
উল্লেখ্য, আগামী ০৯ জুন ২০২৪ তারিখ রবিবার বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ এর বিশেষ আয়োজনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী উপস্থিত থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি।






আপনার মতামত লিখুন