যশোর সদর উপজেলার চুড়ামনকাটির পোলতাডাঙ্গা শশ্নানঘাট এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা মেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর আড়াইটার সময়।
নিহতরা হলেন যশোর সদর উপজেলার সাতমাইলের বড় হৈবতপুর গ্রামের মৃত মোকসেদ আলীর মেয়ে লাকি বেগম(৩৪) ও তার একমাত্র মেয়ে সাতমাইল বাড়ি নগর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সুমাইয়া খাতুন মিম (১৩)।
রেল পুলিশ সূত্রে জানা যায়, বড় হৈবতপুর গ্রামের মৃত মকসেদ আলীর মেয়ে লাকি বেগম স্বামী পরিত্যাক্ত। লাকি বেগম তার একমাত্র মেয়ে সুমাইয়া খাতুন মিমিকে সাথে নিয়ে সাতমাইল বাজারে ভাড়া বাড়িতে বসবাস করতো। সোমবার দুপুর আড়াইটার সময় তারা মা ও মেয়ে পোলতাডাঙ্গা শশ্নানঘাট নামকস্থানে এসে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তবে কি কারণে ট্রেনের নিচে ঝাঁপদিয়ে মা মেয়ে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী লোকাল ট্রেন মহানন্দা আড়াইটার দিকে যাওয়ার পর লাশ দুটি পড়ে থাকতে দেখেন তারা।
নিহতের ছোট বোন রোজিনা খাতুন জানান, সকালে বাড়ি থেকে তার বোন ও ভাগ্নি ভাত খেয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে বিকাল ৩ টার দিকে তাকে ফোন করে জানানো হয় তার বোন ও ভাগ্নি ট্রেনে কাটা পরে মারা গেছে। তবে কি কারণে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও মেয়ে আত্মহত্যা করেছে তা তিনি জানেননা। রোজিনা খাতুন আরো জানান, তার বোনের দুই জায়গায় বিয়ে হয়েছিলো। বর্তমানে তিনি স্বামী পরিত্যাক্ত।
যশোর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মনিতোষ জানান খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি । তবে কি কারণে মা ও মেয়ে একই সাথে ট্রেনের নিচে ঝাঁপদিয়ে আত্মহত্যা করেছে তা এখনি বলা সম্ভব নয়।ঘটনা স্থল থেকে একটি ভ্যানিটি ব্যাগ ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন