খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

শৈশবের মাছ ধরা

মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী
প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ১০:২৪ অপরাহ্ণ
শৈশবের মাছ ধরা

গত কয়েক দশকে দেশ পাল্টে গেছে বহুরূপে। এগিয়ে গেছে অকল্পনীয়, অবিশ্বাস্য গতিতে। অন্যান্য ক্ষেত্রের মতো কৃষি ক্ষেত্রেও ঘটেছে বিপ্লব। চোখের সামনের উন্নয়নটি গল্পের মতোই মনে হচ্ছে। ছিলাম কোথায়? হঠাৎ এসেছি কোথায়? নেতৃত্বের যাদুর কাঠির ছোঁয়ায় ঘটেছে এমন অকল্পনীয় উন্নতি। যে বিষয়ে স্বপ্ন দেখিয়েছেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। বাহারি চুলের নাচুনে ভঙ্গিতে কুদ্দুস বয়াতিকে দিয়ে তিনি গাইয়েছেন এভাবে-“এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনেরে নিবে তুমরা সেই দিনেরো কাছে।” আজকে নতুন দিন নয়, পুরনো সেই দিনের কথাই করিব বর্ণন। বিশ্ব কবির ভাষায়-
” পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।”

চাঁদপুর মহকুমার প্রায় সব থানার মধ্য দিয়ে সাপের মতো অজস্র বাঁক নিয়ে বয়ে গেছে ডাকাতিয়া নদী। হাজামজা সেই নদীতে তখন সারাবছর ছোট ছোট লঞ্চ চলাচল করতো। রায়পুর- ফরিদগঞ্জ- ঢাকা। ভাড়া চৌদ্দ আনা। ঢাকা হতে চাঁদপুর পাঁচ ঘন্টা। চাঁদপুর হতে রায়পুর আরও পাঁচ ঘন্টা। তাহলে ঠেলা বুঝেন। কষ্ট কাকে বলে ও কত প্রকার? ঐতিহাসিক লোহাগড়ের মঠ ঘেঁষে ডাকাতিয়া নদী। পাশেই আমাদের বাঁশতলীর চর। ঐ নদী বেয়ে দুই কুল কাঁপিয়ে ‘মুরির টিন মার্কা’ লঞ্চগুলো চলাচল করতো। আকারে যথেষ্ট ছোট। বাদুড়ঝোলা যাত্রী নিয়ে হনহনিয়ে চলতো। লঞ্চ লক্ষ্য করে ঢিল ছোড়তো ছোট্ট ছেলেরা আর খিলখিল করে হাসতো। লঞ্চের ঢেউয়ে কিছু মাছ লাফিয়ে উপরে উঠে যেতো। কাজল কালো পানি। সূর্যের আলোতে তলদেশও স্পষ্ট দেখা যেতো। নদী তীরের ভয়ডরহীন দুষ্ট ছেলেরা সাঁতার কেটে এপার-ওপার হতো। চরে প্রচুর ঘাস। ওপার হতে লাইন ধরে গরু এপার আনা হতো। কেবল মাথা ছাড়া আর দেখা যেতো না। বড়োরা শিশুদের ভয় দেখিয়ে বলতো- নদীতে কুমির, দেওনসী, শিকল আছে। কতো মানুষ, গরু-ছাগল ধরে খেয়ে ফেলেছে। তাই ভয়ে-আতঙ্কে নদীতটে যেতাে না।

চাঁদপুর মহকুমা শহর। শহরের সঙ্গে সংযুক্ত মূল রাস্তাগুলিই ছিল হাঁটু পরিমাণ কাঁদা মাটিতে ভরপুর। ফরিদগঞ্জ হতে চাঁদপুর পর্যন্ত আট দশটা পাহাড় সমান উঁচু ব্রিজ। বড় বড় নৌকা চলাচল করতো নীচ দিয়ে। এজন্য ব্রিজগুলো উঁচু। ব্রিজের উপর দিয়ে যাত্রী নামিয়ে দিয়ে খালি রিকশা পার করতেই জিহবা বের হতো এক হাত। দুটো পয়সার জন্য ছোট্ট কিছু শিশু রিকশার পেছনে ঠেলে দিত, দুই/এক আনা বকশিশ ফেলে খুশিতে আটখানা ! বয়ষ্ক মানুষের কষ্ট ছিল বর্ণনাতীত। তারপরও রিকশাই সবচেয়ে উন্নত ও দ্রুতযান। রাস্তা কী বিশ্রী, দৈন্যদশা! একদিকে টাকা অন্য দিকে কষ্ট। তারচেয়ে বরং হেঁটে আগেই গন্তব্যে পৌঁছা যেতো। কাঁদা ডিঙিয়ে, মাঝে মাঝে আছাড় খেয়ে কি যে অবস্থা! কিম্বুৎকিমাকার চেহারা দেখে চেনার উপায় থাকতো না । অবশ্য প্রায় সকলেই দুই-চার বার আছাড়/হোঁচট খেতো। প্রকৃতির কি সুন্দর সাম্য নীতি। সবার পরিণতি এক। কে কাকে নিয়ে হাসাহাসি করবে?

পুকুর, ডোবা, নালা, খাল, বিল, নদী ইত্যাদি জলাশয় ছিল হরেক রকমের দেশীয় মাছে ভরপুর। তবে, বর্ষাকালে চারিদিক পানি আর পানি, থৈথৈ করতো। রাস্তা-ঘাট পানিতে তলিয়ে যেতো। কোসা, পানসি, ডিঙি, তালের নৌকা (কোন্দা), ভেলা ছিল বর্ষার মূল বাহন। কেরায়া নৌকা মূলত সপরিবারে বেড়ানোর কাজে ব্যবহৃত হতো। তাছাড়া, এক/ দেড় হাজার মনের সওদাগরী নৌকা করে দূর-দূরান্তে মালামাল বহন করা হতো। কী বিশাল ছিল দাঁড়! নৌকাতেই রান্না, ঘুমানো, দিনাতিপাত। জোয়ার-ভাটা ছিল প্রবাহমান। “মাঝি বাইয়া যাও রে”-বলে মাঝি মনের সুখে পল্লী গীতি, ভাটিয়ালি গান বহুদূর পর্যন্ত ইথারে ভেসে বেড়াতো, শ্রোতাকে করতো বিমোহিত। উন্মুক্ত এবং বিশাল অধিক্ষেত্র ও অবাধ বিচরণের কারণে মাছ অল্প সময়ে বড় হতো। বন্যায় প্রায় বছর ফসল তলিয়ে যেতো। মানুষের মাথায় হাত। খেটে খাওয়া মানুষের কি-যে দুর্গতি! সাধারণ মানুষের আয়-রোজগারের পথও ছিল খুবই সীমিত। পাটের মূল্যও কম। নারিকেল, সুপারি হতো প্রচুর পরিমানে। এসব বিক্রয় করে কোন রকমে দিন হতো গুজরান।

“মাছের রাজা ইলিশে” মাছের বাজারের অর্ধেক দখলে থাকতো। দাম ছিল নাগালের মধ্যে। এখনতো ঘরে ঘরে ফ্রিজ। তখন এসব স্বপ্নেও দেখা যেতো না। বিশেষ কায়দায় ইলিশ মাছ আধা-রান্না করে রাখা হতো। পরের দিন সকালে সেই ইলিশ, পোড়া (হোড়া) মরিচ আর পান্তা (হান্তা) ভাত যে খায়নি তার “জীবনটা যে চার আনাই মাটি”। আহা! পহেলা বৈশাখের পান্তা-ইলিশ-সর সর, আবার তুলনা!

সন্ধ্যার পরে ঘোর অমানিশার অন্ধকারে ডুবে যেতো গ্রাম। রাস্তা-ঘাটও কাঁদায় একাকার। বহু রাস্তায় গলাপানি, ভাঙতি। নাকানিচুবানি নৈমিত্তিক ঘটনা। বড়জোর দুই একটা কাঠ বা বাঁশের সাঁকো (হাক্কা)। তা-ও যেন পুলসিরাত। তাই দ্রুত বাজার করে ঘরে ফেরার পালা। ইলিশের যোগান বেশি থাকায় রাতে অনেক সস্তায় কেনা যেতো। তবে, লাভের অঙ্ক পিপড়ায় খায়। বরফ বলতে কিছুই ছিল না। তাই পঁচা মাছ কিনে কতো রকম টিপ্পনী, মিষ্টিমধুর বকুনি। এদিকে ঘোর অন্ধকার। বাগান (হগার), বাঁশঝাড়, বট, গাব, হারবা গাছ (এসব গাছ না-কি ভুতের বাড়ি), গোরস্থান বা শ্মশানের কাছ দিয়ে চলার সময়ে ভয়ে গা ছমছম করতো। বড়রা বলতো-ইলিশ মাছ পিশাচ-পেত্নির খুব পছন্দ, খেতে আসে। হালকা বাতাসে পাতা নড়লেও মুর্চ্ছা যাওয়ার চক্কর। “এই আইলো, ধরলো!” সাধারণভাবে আল্লাহ-খোদার নামও মুখে নাই। কিন্তু বিপদ থেকে রক্ষাকল্পে কতোবার বড় খতমের দোয়া, চার কুল পড়া, গায়ে ফু দেয়া । নিজে নিজেকে চিমটি দিত- ঠিক আছে কিনা। ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা।

কোন রকমে বাড়িতে যাওয়ার পর অন্য রকম চিকিৎসা। ঘরে নবজাতক, শিশু, বয়ষ্ক, রোগী থাকলে প্রবেশ নিষেধ। আগুনে ছেঁকাইয়া ভুত তাড়ানো। নচেৎ ইলিশ মাছের সঙ্গে ঘরেও ভুত। ভুতে ধরছে! সর্বনাশ! আবার কিছু মানুষ ছিল মিষ্টি-পাগল। মিষ্টি খেলে ডায়াবেটিস হয়-এমন ধারনাই ছিল না। এদিকে মানুষের বিশ্বাস-মিষ্টির প্রতি জিন-ভুতের বিশেষ মোহ। অনেক মিষ্টির দোকানে না-কি কাস্টমার দেখা যেতো না। জিন-পরি কিনতো। রাতের বেলায় মিষ্টি নিয়ে চলাফেরা করলে না-কি জিন-পরি ভাগ বসাতো। “অবুঝ মন” সিনেমার নায়িকা শাবানাকে ভুতে ধরার মতো অবস্থা।

চারিদিকে পানি থৈথৈ। টেটা, চাই, জাল ছিল সবার ঘরে ঘরে। একটু চক্কর দিলেই বাইলা, টেংরা, খইলা, গোংলা,বেদা/মেনি মাছ টেটার নিখুঁত ঘাইয়ে কুপোকাত। গাছের ডাল ছিড়ে মাছ গেঁথে রাখা হতো। রাত ছিল গহীন অন্ধকার, কবরের নীরবতা। কুপি, হারিকেন জ্বালানো হতো সন্ধ্যার আগেই। চারিদিক আলোকিত করার জন্য কাঠের ‘দেড়উয়ার’ উপর কুপি রাখা হতো। কেরোসিন তেলই ছিল আলোর উৎস। হাটের দিন হাতে হাতে কেরোসিনের বোতল। ঘরের বাহিরে জোনাকির আলো ছাড়া কিছুই দেখা যেতো না। তবে, কেউ কেউ রাতে দোনলা বাতি নিয়ে ডালাসিয়ারের (এক ধরনের মাছ ধরা) বদৌলতে একটু আলোর প্রজ্বলন দেখা যেতো। মাঝে মাঝে ডোবা-নালায় হঠাৎ আলো (আলেয়া) জ্বলে উঠতো। ভুতের মুখের আগুন বলে চিৎকার। আইলো রে!

হেমন্তের শেষ দিকে এবং শীতকালে এসব জলাশয় শুকিয়ে যেতো। কৃত্রিম গর্ত করে “হইলা” বানিয়ে মাছ ধরা হতো। সাত-সকালে বালতি, থালা বা বল দিয়ে পানি সেচে “হইলা” হতে অনেক মাছ ধরা যেতো। ঝাই জাল, ঠেলা জাল, ভেসাল (বেয়াল), চালুনি (চালইন), বড় ও ছোট চাই (বাঁশের তৈরি), বুইচুনি, টেটা, কোচ, পলো (পলবা), হোরকা (বাঁশের তৈরি, ত্রিভূজ আকৃতির) ইত্যাদি দিয়ে অবস্থান ও অবস্হাভেদে বিচিত্র রকমের দেশীয় প্রজাতির মাছ ধরা হতো। পাঠকের স্মরণার্থে মাছের কয়েকটির আঞ্চলিক নাম লিখতে চাই-হুডি, বইচা, খইলা, টেংরা, কাইক্কা, বেদা, চাপিলা, হোয়াইল্লা, গড়ই, গাইচ্চা, হইল, গজার, টিয়া বইচা, মলমদি, হিং, জাগুর, কই, বাইং, বুইত্তা, কাচকি, দাড়কিনা, হোনা, কুলি বইচা ইত্যাদি)। “কারো পৌষ মাস, কারো সর্বনাশ” বুঝার বয়স হয়নি। মশারির জাল দিয়ে টাকি, শোল মাছের পোনা ধরা আর মুখে হাসি। মাঝে মাঝে টেটা দিয়ে মা টাকি বা শোল মাছ মারার যে কি নিষ্ঠুরতা তা পরে বুঝতে পেরেছি। সামান্য পানিতে শিশুদের “আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে” দৃশ্যের সুমধুর দৃশ্য কি ভোলা যায়?

বড় জলাশয়ের পানি নাগালের মধ্যে আসলে শুরু হতো অন্য রকম উৎসব হতো। জাল বা পলবা দিয়ে মাছ ধরার দিনে শত মানুষের গগনবিদারী কোলাহলে আকাশ-বাতাস হতো মুখরিত। মাঝে মাঝে পিলে চমকানো বিশাল আকৃতির বোয়াল মাছ ধরা পড়তো। দশ-বারো সেরের গজার মাছের চোখ লাল টুকটুকে হয়। এগুলো ধরা পড়লে চতুর লোকজন বলতো- “এগুলি দৈত্য-দানব হই গেছে। ছাইড়া দে। এসব খাইলে এমন কঠিন বিমার অইবে, সাথে জীবনও শেষ।” কিন্তু তাদের চতুরামিকে মূল্য দেয়া হতো না। বড় বড় রুই, কাতল কদাচিত পাওয়া যেতো। আজকালের গড়াগড়ি খাওয়ার পাঙ্গাশ সেকালে ছিল সবচেয়ে দামী মাছ। তেলাপিয়া জাতীয় মাছের নাম গন্ধও মানুষ জানতো না। বড় ডোবা, পুকুরের গভীর পানিতে ‘জাগ’ ও ‘হােরকা’য় গাছের ডাল, পাতা, গোবর, ধানের কুঁড়া ফেলতো। অভয়ারণ্য ভেবে বিভিন্ন প্রজাতির মাছ এতে আশ্রয় নিতো। কিছু দিন পরে পড়তো ধরা। মানুষের রসনা তৃপ্তির ঢেকুরে জীবন হতো সাঙ্গ। স্কুলে যাওয়ার আগে ও বিকালে খেলাধুলা করে দুই এক ঘন্টা কেটে যেতো জলকেলিতে। তখনও ডুবিয়ে, হাত দিয়ে (আতাইয়া) দুই-এক বেলার মাছ ধরা হয়ে যেতো।

মাঝে মাঝে প্রচুর মাছ ধরা পড়তো। এত মাছ খেয়ে শেষ করার উপায় ছিল না। এজন্য মাটির তৈরি মটকায় কৈ, মাগুর, শিং, টাকি, শোল ইত্যাদি মাছ দীর্ঘদিন জিইয়ে রাখা হতো। মাছের শুটকি দেয়ার ধুম পড়ে যেতো। চারিদিকে কাঁচা/পঁচা মাছের গন্ধে বাতাস ভারি হয়ে যেতো। মাছির ভনভন, কাক-চিলের ছোঁ মারা, মাটির ঢেলা/লাঠি ছোড়া, বিড়াল তাড়ানো -এমন দৃশ্যের অবতারণা লেগেই থাকতো। চুরি বিদ্যায় ওস্তাদ বিড়াল। শিকেয় তোলা শুকনো শুটকি মুহুর্তে কাবার করার তুলনাই ছিল না। বর্ষা বা মাছের আকালে ঘরে ঘরে পাথরের পাটায় বাটা শুটকির ভর্তা ছিল দৈনন্দিন খাদ্য তালিকায় নিয়মিত ‘ম্যানু’। পোড়া বেগুনের ভর্তা এবং বেগুন আর শুটকির রান্না হলে ভাত খাওয়া হতো ধুমসে। পরের দিন সকালে পোড়া মরিচ দিয়ে পান্তা ভাত খাওয়ার আর কোন সুযোগই থাকতো না। পাতিল শূন্য। লোনা ইলিশ মাছ ব্যতিত শুটকি কেনার কাস্টমার ছিল নগন্য। প্রায় সবার ঘরে মাছ-তরকারির যোগান থাকায় সাধারণ গৃহস্থের কাছে এসব কেনার সংস্কৃতি খুব বেশি প্রচলিত ছিল না।

পাঠক সেই যুগের সঙ্গে নিজে তুলনা করুন-কোথায় ছিলাম, কোথায় এসেছি।

লেখকঃ

মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী

সদস্য, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন

প্রাক্তন সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি