আজ রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান
উপমহাদেশের প্রখ্যাত ওলি দরবেশ হযরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাতের শেষ ভাগে তিনি সিলেটে পৌঁছে মাজার জিয়ারত করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, রাত ৮টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা দেবেন। মাজার জিয়ারত শেষে সিলেটে রাত্রিযাপন করে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে ধারাবাহিক নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। এরপর দুপুর ১টায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে, বেলা আড়াইটায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে এবং বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি।
পরবর্তী সময়ে বিকেল ৫টায় কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে, সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্কসংলগ্ন এলাকায় এবং রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার বা রূপগঞ্জ গাউছিয়া এলাকায় নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। সব কর্মসূচি শেষে রাত ১০টার দিকে তিনি ঢাকার গুলশানের বাসভবনে ফিরে আসবেন।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন জানান, তারেক রহমানের সিলেট সফর ও নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, রিটার্নিং অফিসার, পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষকে আগেই অবহিত করা হয়েছে। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ ও নির্বাচনী বিধি মেনে চলার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।
বিএনপি সূত্র জানায়, নির্বাচনী সফরে তারেক রহমান মনোনয়নবঞ্চিত ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সঙ্গে রাখবেন। বিশেষ করে ছাত্রদল থেকে উঠে আসা যেসব নেতা জোটগত ও রাজনৈতিক কারণে মনোনয়ন পাননি, তাদের সঙ্গে নিয়েই তিনি মাঠে নামবেন। সিলেট সফরের প্রথম ধাপে তার সঙ্গে থাকছেন ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদির ভুইয়া জুয়েল, বিএনপির কেন্দ্রীয় নেতা মামুন হাসান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ একাধিক নেতা।






আপনার মতামত লিখুন