নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত
রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়টির ২৬তম সমাবর্তন। এবারের সমাবর্তনে মোট ৩ হাজার ৩২২ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ২ হাজার ৬৪৬ জন এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ছিলেন ৬৭৬ জন।
বুধবার (৭ জানুয়ারি) আয়োজিত এই অনুষ্ঠানে কনভোকেশন চেয়ারের দায়িত্ব পালন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
সমাবর্তনে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ডিগ্রি অর্জনের মধ্য দিয়েই দায়িত্ব শেষ নয়; বরং সমাজ ও রাষ্ট্রের জন্য ভবিষ্যতে কী অবদান রাখা যাবে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটরা দেশ ও দেশের বাইরে গুরুত্বপূর্ণ নেতৃত্বের জায়গায় কাজ করছেন এবং বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
তিনি জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, সংস্কারের দাবিতে গড়ে ওঠা এই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। সেখানে এনএসইউ শিক্ষার্থীদের ভূমিকা ছিল সাহসী ও দৃশ্যমান।
পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে সমাবর্তন অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন কনভোকেশন মার্শাল ও গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মামুন মোল্লা। বিভিন্ন অনুষদের ডিনরা নিজ নিজ বিভাগের ডিগ্রিপ্রার্থীদের উপস্থাপন করেন।
সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। তিনি বলেন, এনএসইউ শিক্ষার্থীদের দিকে তাকিয়ে আছে পরিবার, শিক্ষক এবং পুরো দেশ। ঢাকা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে তারা নেতৃত্ব দিচ্ছেন।
বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, শিক্ষা সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার হলেও বর্তমান ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে, যাতে বেকারত্ব ও সামাজিক অবক্ষয়ের মতো সমস্যার সমাধান সম্ভব হয়।
এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার শিক্ষার্থীদের সততা ও সহমর্মিতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান এবং নিজের শিকড় ভুলে না যাওয়ার পরামর্শ দেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, আজ ডিগ্রি অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু সনদ নয়, দেশের ভবিষ্যৎ গঠনের দায়িত্বও গ্রহণ করেছে। আগামী দিনে তারাই জাতির রূপান্তরের নেতৃত্ব দেবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
সমাবর্তনে দুই শিক্ষার্থীকে চ্যান্সেলর’স গোল্ড মেডেল এবং আট শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলর’স গোল্ড মেডেল প্রদান করা হয়। স্নাতক পর্যায়ে চ্যান্সেলর’স গোল্ড মেডেল পান ব্যাচেলর অব ফার্মেসির শিক্ষার্থী মাহিরা ইসলাম আসফি এবং স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ প্রোগ্রামের মেহরুব মোবিন ভূঁইয়া।






আপনার মতামত লিখুন