তাইওয়ানে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
তাইওয়ানে শনিবার (২৭ ডিসেম্বর) ৭ দশমিক ০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলবর্তী শহর ইয়িলান থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে সমুদ্রের ভেতরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। তাৎক্ষণিকভাবে বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তাইওয়ানের আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭৩ কিলোমিটার গভীরে। গভীরতায় সংঘটিত হওয়ায় কম্পনের প্রভাব দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং রাজধানী তাইপেইসহ বিভিন্ন শহরে ভবন কেঁপে ওঠে।
তাইপেই সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত গুরুতর ক্ষতির কোনো তথ্য মেলেনি। তবে কয়েকটি এলাকায় গ্যাস ও পানির লাইনে লিকেজ এবং কিছু ভবনে সামান্য ক্ষতির খবর পাওয়া গেছে।
এদিকে তাইওয়ান পাওয়ার কোম্পানি জানিয়েছে, কম্পনের ফলে ইয়িলান অঞ্চলে তিন হাজারের বেশি বাড়িতে অস্থায়ীভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হচ্ছে।
বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে উত্তরাঞ্চলের হসিনচু সায়েন্স পার্কে অবস্থিত কয়েকটি কারখানা থেকে সাময়িকভাবে কর্মীদের সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা পুনরায় কাজে ফিরে যান।
আবহাওয়া প্রশাসন সতর্ক করে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ০ মাত্রার একাধিক আফটারশক অনুভূত হতে পারে। তবে ভূমিকম্পটি সমুদ্রের গভীরে হওয়ায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা তুলনামূলকভাবে কম বলে জানানো হয়েছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে এক বার্তায় জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণকে সতর্ক থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
উল্লেখ্য, একাধিক টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থান করায় তাইওয়ান ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। অতীতে দেশটিতে একাধিক বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।






আপনার মতামত লিখুন