তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিমানবন্দর এক্সপ্রেসওয়ে দুই ঘণ্টা টোলমুক্ত
রাজধানীতে যান চলাচল নির্বিঘ্ন রাখতে ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ও টোলমুক্ত রাখা হবে।
বুধবার (২৪ ডিসেম্বর) এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিশেষ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে।
তারেক রহমানের আগমনকে ঘিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় প্রস্তুত করা হয়েছে বিশাল সমাবেশ মঞ্চ। ঐতিহাসিক এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে দলীয় নেতাকর্মীদের জন্য আয়োজন করা হয়েছে ব্যাপক প্রস্তুতি ও অভ্যর্থনা কর্মসূচি।
তাকে স্বাগত জানাতে নির্ধারিত দিনের আগেই ৩০০ ফিটের সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন, স্লোগান ও প্ল্যাকার্ডে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। উৎসবমুখর পরিবেশে রূপ নিয়েছে সমাবেশস্থল, যেখানে দেখা যাচ্ছে বিপুল জনসমাগম ও উচ্ছ্বাস।
নেতাকর্মীরা আশা করছেন, এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।






আপনার মতামত লিখুন