হোমনায় এসিল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশুর করুণ মৃত্যু
কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সরকারি গাড়ির নিচে চাপা পড়ে দুই বছরের শিশু ফাইজা আক্তারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরের টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফাইজা বরিশালের উজিরপুরের পুটিয়া এলাকার ফাইজুল হকের মেয়ে। পেশাগত কারণে ফাইজুল হক স্ত্রী–সন্তানকে নিয়ে হোমনায় বসবাস করেন। বিষয়টি হোমনা থানার ওসি রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে ফাইজা তার মায়ের সঙ্গে উপজেলা চত্বরে আসে। সে সময় দ্রুতগতিতে প্রবেশ করা ভূমি অফিসের সরকারি গাড়িটি শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের জানান, দুর্ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না। গাড়িটি চালাচ্ছিলেন সরকারি চালক তাওবুর রহমান। তিনি বলেন, “শিশুটির পরিবারকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব, পরিবার যেভাবে সহায়তা চাইবে, সেভাবেই পাশে থাকবো।”
দুর্ঘটনার পর চালক তাওবুর রহমান মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান। ওসি রফিকুল ইসলাম জানান, শিশুটির পরিবার লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






আপনার মতামত লিখুন