শেখ হাসিনার রায় ঘোষণা সোমবার: ন্যায়বিচার ও স্বচ্ছতার দাবি বিএনপি মহাসচিবের
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে সোমবার (১৭ নভেম্বর)। রায় ঘোষণার আগমুহূর্তে পূর্ণাঙ্গ ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যা, দমন-পীড়ন ও গত বছরের ঢাকার সহিংসতার ঘটনায় আনা পাঁচটি মানবতাবিরোধী অভিযোগের রায় ঘোষণা করতে যাচ্ছে। এই বিচার যেন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হয়—এ দাবি জানান তিনি।
অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, রায় ঘোষণার পরে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন পুনরায় করা হবে। এছাড়া আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবার ও আহতদের মাঝে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আবেদনও করা হয়েছে।
তিনি বলেন, প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তির আবেদন করেছে এবং ট্রাইব্যুনালের রায়কে তারা সম্মান জানাবে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করবেন।






আপনার মতামত লিখুন