সিলেটে সরকারি অ্যাম্বুলেন্স–বাসে অগ্নিসংযোগ, সিসিটিভিতে ধরা ৫ দুর্বৃত্ত
সিলেটে একই রাতে সরকারিক অ্যাম্বুলেন্স ও একটি বাসে আগুন দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে রাখা একটি বাস অগ্নিসংযোগে পুড়ে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান চৌধুরী জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়—দুটি মোটরসাইকেলে পাঁচজন তরুণ এসে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের সদস্য জুনাইদ জানান, রাত ৩টা ১৫ মিনিটে হাসপাতালের অগ্নিকাণ্ডের খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রাত ৩টা ৫০ মিনিটে কুমারগাঁও বাসস্ট্যান্ডে আরেকটি বাসে আগুন লাগার খবর এলে দমকলকর্মীরা দ্রুত পৌঁছে আগুন নেভান। বাসটি পরিত্যক্ত হলেও অ্যাম্বুলেন্সটি ছিল সচল এবং সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বলে জানান ফায়ার লিডার ফজল মিয়া।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুটি ঘটনারই ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং শনাক্তের কাজ চলছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।






আপনার মতামত লিখুন