কোবরা সাপকে কামড়ে মেরে ফেললেন কৃষক
উত্তরপ্রদেশে বিস্ময়কর ঘটনা
প্রতীকী ছবি
ভারতের উত্তরপ্রদেশের হার্দৌই জেলার পুষ্পাতলি গ্রামে ঘটেছে এক অবাক করা ঘটনা। ধানক্ষেতে কাজ করার সময় পুণিত নামের ২৮ বছর বয়সী এক কৃষকের সামনে হঠাৎ একটি কালো কোবরা এসে পড়ে। গ্রামাঞ্চলে সাপে কামড়ানো অস্বাভাবিক না হলেও কোবরার উপস্থিতিতে তিনি প্রথমে বিচলিত হননি। কিন্তু কিছুক্ষণ পরই সাপটি তার পায়ে জড়িয়ে ধরে তীব্রভাবে কামড় বসায়।
আশ্চর্যের বিষয় হলো—সাপের কামড় খেয়েও ভীত না হয়ে উল্টো রাগে কোবরা সাপটিকেই কামড়ে দেন পুণিত। তার কামড়ে ঘটনাস্থলেই মারা যায় বিষধর সাপটি।
স্থানীয়দের বরাতে জানা যায়, কামড় খেয়েও পুণিত জ্ঞান হারাননি। গ্রামবাসীরা দ্রুত তাকে হার্দৌই মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা অ্যান্টি-ভেনম দিয়ে চিকিৎসা করেন।
হাসপাতালে পুণিত জানান, মুহূর্তের রাগে সাপটিকে কামড়ে মেরে ফেললেও এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। সামান্য বিষ মুখে ঢুকে গেলেও প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হতে পারত। চিকিৎসকরাও এমন কাজ কখনো না করার পরামর্শ দেন।
গ্রামবাসীরা প্রথমে তার কথা বিশ্বাস না করলেও পরে মাঠে গিয়ে মৃত সাপটি দেখে হতবাক হয়ে যান।






আপনার মতামত লিখুন