সভা শেষে ঘরে ফেরা হলো না তিন বিএনপি কর্মীর
বাগেরহাটের রামপালে খুলনা-মংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বাবুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)। জানা গেছে, তারা বিকেলে ভাগা বালুর মাঠে বিএনপির এক সভায় অংশ নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বাবুরবাড়ি এলাকায় পৌঁছানোর পর পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এখনো ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি। তবে সেটি শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।”






আপনার মতামত লিখুন