বিএনপি কোনো আসনেই প্রার্থী দেয়নি যে জেলায়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের একক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। তবে দেশের ৬৪ জেলার মধ্যে ২৬ জেলার সব আসনে প্রার্থী দেওয়া হলেও, বাকি ৩৮ জেলার ৬৩ আসন এখনো খালি রাখা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এই ৬৩ আসনের মধ্যে ৪০টি জোট সঙ্গীদের জন্য বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে, আর বাকি ২৩ আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি—পরে সিদ্ধান্ত জানানো হবে।
ঘোষিত প্রার্থী তালিকায় দেখা গেছে, বাগেরহাট জেলার তিনটি আসনেই বিএনপি কাউকে মনোনয়ন দেয়নি। প্রার্থীর নামের ঘরগুলো ফাঁকা রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি সম্ভাব্য জোট কৌশলের অংশ হতে পারে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষণার পরই দেশের কয়েকটি স্থানে মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিএনপি সূত্রে জানা গেছে, ৪০ আসন শরিকদের ছাড় দেওয়া হবে যাতে বৃহত্তর জাতীয় জোটের ভারসাম্য বজায় থাকে।
একই সঙ্গে প্রার্থিতা চূড়ান্ত না হওয়া আসনগুলোতে জনপ্রিয়তা ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে দলটির নীতিনির্ধারকরা।






আপনার মতামত লিখুন