খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

স্বামী-সন্তান-সংসার সামলে ৫৬ বছর বয়সে এইচএসসি পাশ করলেন শাম্মী আক্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ
স্বামী-সন্তান-সংসার সামলে ৫৬ বছর বয়সে এইচএসসি পাশ করলেন শাম্মী আক্তার

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৩.১৮ পেয়ে পাস করেন খুলনার শাম্মী আক্তার। নিজের মনের জোর, পরিবারের অনুপ্রেরণা আর অদম্য ইচ্ছাশক্তি এই তিনের মিশ্রণেই এই বয়সেও পরীক্ষার হলে বসেন তিনি। তার এই সাফল্যে আনন্দিত স্বামী ও সন্তানেরা। অদম্য ইচ্ছে শক্তি আর স্বামী-সন্তানের অনুপ্রেরণায় ৫৬ বছর বয়সে খুলনার মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে এইচএসসিতে পাস করেছেন শাম্মী । 

১৯৮৮ সালে দশম শ্রেণিতে পড়ার সময় বিয়ের পিঁড়িতে বসেছিলেন শাম্মী আক্তার। সংসার, সন্তান, দায়িত্ব সব মিলে তখনই থেমে যায় নিজের পড়াশোনা। কিন্তু থেমে থাকেননি তিনি। সন্তানদের উচ্চশিক্ষিত করার পাশাপাশি নিজের শিক্ষার স্বপ্নও রেখেছেন অটুট।

শাম্মী জানান, ২০১৯ সালে ছেলে ও স্বামীর উৎসাহে আবারও পড়াশোনার আগ্রহ জাগে তার মনে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে খুলনার ইকবাল নগর বালিকা বিদ্যালয়ে ভর্তি হলেও পরবর্তীতে কোর্স বন্ধ হয়ে যায়। বদলি প্রতিষ্ঠান থেকেও ভর্তি বাতিলের খবর পান তিনি। একপর্যায়ে ভেঙে পড়েছিলেন, মনে হয়েছিল হয়তো আর সম্ভব নয়। তবু ২০২১ সালে এক শিক্ষকের খুদে বার্তায় আবার জেগে ওঠে আশার প্রদীপ। স্বামী ও সন্তানকে জানিয়ে পড়াশোনা শুরু করেন নিয়মিতভাবে। ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় পাস করেন তিনি। পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হয়ে বেকারত্ব দূর করতে কাজ করছেন। পরিবারের সদস্যদের নিয়ে খুলনার করিমনগরের বাড়িতেই একটি ছোট ব্যবসা শুরু করেছেন তিনি।

শাম্মী আক্তার বলেন, প্রতিদিনের পরিশ্রম আর ধৈর্যই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। পরিবারের সব কাজ শেষ করার পর রাত ১১টার পরে পড়তে বসি। সবাই তখন বিশ্রাম নেয়, আমি পড়তে বসি। কারণ সারাদিন আমি পড়ার সুযোগ পেতাম না। বাসায় কোনো কাজের লোকও (গৃহপরিচালিকা) নেই। পড়তে পড়তে কখন যে রাত ১টা দুটো বেজে যেত টেরই পেতাম না। এমনও আছে কোনো দিন রাত ৩টাও বেজে যেতো। কোনো প্রাইভেট শিক্ষক ছিল না, অনেক সময় ইংরেজি ইউটিউব দেখে শিখতাম। এভাবে রাতে সময় বের করেছি।

নিজ ইচ্ছা আর স্বপ্নের কথা তুলে ধরতে গিয়ে শাম্মী আক্তার বলেন, আমার খুব ইচ্ছা ছিল উচ্চ ডিগ্রি নেওয়ার, কিন্ত পারিনি। দশম শ্রেণিতে পড়াকালীন আমার বিবাহ হয়। এরপর অনেক চেষ্টা করেছি লেখাপড়া চালিয়ে যাওয়ার কিন্ত সময় সুযোগ হয়নি, আর্থিক অনটনও ছিল। তখন চিন্তা করলাম নিজে যখন পারলাম না তখন সন্তানদের আগে একটা পর্যায়ে নিয়ে যায়। সন্তানদের দিকেই বেশি ফোকাস করলাম। সন্তানরা উচ্চ ডিগ্রি নিল। তারাই আমাকে অনুপ্রেরণা দিয়েছে আর আমারও চেষ্টা ছিল। এই বয়সে এসে অনেকে পারে কিনা জানি না, কিন্তু ইনশাআল্লাহ আমি পেরেছি।

তিনি বলেন, আমি মনে করি বয়স শুধু একটা সংখ্যা মাত্র। আমার যে ৫৬ বছর বয়স এটা আমি কখনোই মাথায় আনি না। আমি একটা মানুষ আমার অনেক দূর যেতে হবে। প্রকৃতি ও এই সমাজকে কিছু দিয়ে যেতে হবে। সামনে পড়াশোনা চালিয়ে যাব। এবার অনার্সে ভর্তি হব। পড়ার ইচ্ছা আছে।

তার স্বামী অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মো. হাফিজুর রহমান মোল্লা বলেন, শাম্মীকে উদ্বুদ্ধ করেছি। ছেলে দুইটি যখন একটা কাঙ্ক্ষিত সাফল্যের দিকে এগিয়ে গেল তখন বললাম এখন আর তোমার বসে থাকার সময় নেই। লেখাপড়ার প্রতি ফোকাস করো। ভালো ফলাফল লাগবে না, পাস করে আসো। এতে সমাজের জন্যও কিছু করতে পারবা, পরবর্তী প্রজন্ম বলতে পারবে আমার দাদী-নানী এই ছিল। কোনো কোনো সময় কাজের কিছুটা ব্যাঘাত ঘটলেও সেগুলোকে অভারলুক করে নিজেরটা নিজে করেছি। দৈনন্দিন কাজে সহযোগিতা করেছি।

স্ত্রী সাফল্যে সন্তুষ্ট জানিয়ে তিনি বলেন, তাকে অল্প বয়সে বিবাহ দিয়েছে, আমিও অল্প বয়সে বিবাহ করেছি। সমাজের অবক্ষয় দূর করতে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওর স্বপ্ন পূরণে সব সময় পাশে ছিলাম, আছি।

শাম্মীর বড় ছেলে মো. মামুনুর রশীদ খুলনার আযম খান সরকারি কমার্স কলেজ থেকে মার্কেটিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষে বর্তমানে নোয়াখালীর একটি মহিলা কলেজের প্রভাষক। ছোট ছেলে এম এম আবদুল্লাহ আল মামুন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর শেষে হাঙ্গেরিতে পিএইচডি করেছেন।

শাম্মীর বড় ছেলে মো. মামুনুর রশীদ বলেন, আমি পৃথিবীর কম সংখ্যক সন্তানদের মধ্যে একজন যে তার মায়ের ফলাফল পেয়ে আনন্দিত। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। এই দিনটার স্বপ্ন ২০১৯ সালে দেখেছি, যখন সবাই একমত হলাম মায়ের নতুন শিক্ষা জীবনের জন্য। আমাদের সেই স্বপ্নেরই বহি:প্রকাশ এটা।

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার

সংগৃহীত ছবি

বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যদিবসের শুরুতেই স্পিকার এ ঘোষণা দেন।

স্পিকার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। সেটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র পাওয়ার পর থেকে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হবে। সে অনুযায়ী, ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি মহান সংসদকে অবহিত করা হলো।’

ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক শিক্ষামন্ত্রী এবং কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য।  ১৯৪০ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মুহাম্মদ ওসমান গণির সন্তান।

যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি বাকৃবিতে শিক্ষকতা এবং বিশ্বব্যাংকে উচ্চপদে কর্মরত ছিলেন। ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১-২০০৬ মেয়াদে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

শীর্ষ সংবাদ:
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী