ইথিওপিয়ায় গির্জার কাঠামো ধসে নিহত ৩৬: আহত দুই শতাধিক
পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় গির্জার একটি অস্থায়ী কাঠের নির্মাণকাঠামো ধসে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এ মর্মান্তিক ঘটনা ঘটে আমহারা অঞ্চলের আরেরতি শহরে, বার্ষিক ভার্জিন মেরি উৎসব চলাকালে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৭০ কিলোমিটার পূর্বে মেনজার শেনকোরা আরেরতি মারিয়াম গির্জায় এই দুর্ঘটনা ঘটে। উৎসবে যোগ দিতে আসা হাজারও তীর্থযাত্রীর ভিড়ের মধ্যে কাঠের তৈরি অস্থায়ী প্ল্যাটফর্ম হঠাৎ ভেঙে পড়ে।
আমহারার জেলা পুলিশপ্রধান আহমেদ গেবেয়েহু রাষ্ট্রীয় গণমাধ্যম ফানাকে জানান, নিহতের সংখ্যা বেড়ে ৩৬-এ দাঁড়িয়েছে এবং তা আরও বাড়তে পারে। আহতের সংখ্যা আনুমানিক ২০০ বলে ধারণা করা হচ্ছে। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে রাজধানীর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তা আতনাফু আবাতে ইথিওপিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে (ইবিসি) বলেন, এখনো কিছু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন। তবে উদ্ধার অভিযান চলমান রয়েছে।
ইবিসির ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ভেঙে পড়া কাঠামোর নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া কিছু ছবিতে গির্জার বাইরে ঝুঁকিপূর্ণভাবে নির্মিত কাঠামো ধসে পড়ার চিত্র ধরা পড়েছে।






আপনার মতামত লিখুন