ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন হবে : ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানিয়েছেন, এ জন্য বাংলাদেশ ইতোমধ্যেই প্রস্তুত।
সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান প্রধান উপদেষ্টা।
বৈঠকে সার্জিও গোর অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। আলোচনায় বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ভ্রান্ত তথ্য মোকাবিলা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা জানান, কক্সবাজারে আশ্রিত ১০ লাখের বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা প্রয়োজন। এ প্রসঙ্গে মার্কিন পক্ষ জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেয়। একই সঙ্গে অধ্যাপক ইউনূস নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, “আঞ্চলিক সহযোগিতা বাড়ানো গেলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও দ্রুত হবে।”
এ সময় তিনি সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
অধ্যাপক ইউনূস জানান, প্রায় এক দশকের বেশি সময় ধরে সার্ক কার্যত স্থবির হয়ে আছে। অন্তর্বর্তী সরকার এ সংগঠনকে পুনরুজ্জীবিত করতে কাজ করছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে সংযুক্তি বাংলাদেশের উন্নয়নকে বহুগুণে এগিয়ে নেবে। এ লক্ষ্যেই বাংলাদেশ আসিয়ানে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে।






আপনার মতামত লিখুন