পেশাদার ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী জেরোমে বোয়াটেং
জাতীয় দলের হয়ে আগেই বিদায় জানিয়েছিলেন। ক্লাব ফুটবলেও কোনো দলে ছিলেন না। অবশেষে পুরোপুরি ক্যারিয়ারের ইতি টানলেন জার্মান ডিফেন্ডার জেরোমে বোয়াটেং। শুক্রবার আনুষ্ঠানিকভাবে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি।
২০১৪ সালের বিশ্বকাপজয়ী জার্মান দলের অন্যতম ভরসা ছিলেন বোয়াটেং। জাতীয় দলের হয়ে ২০১৮ সালে সর্বশেষ মাঠে নামেন তিনি। জার্মানির হয়ে মোট ৭৬ ম্যাচ খেলেছেন এই সেন্টারব্যাক।
ক্লাব ফুটবলে সর্বশেষ খেলেছেন অস্ট্রিয়ার লাস্ক লিন্সের হয়ে। ক্লাবটির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি থাকলেও গত ১৯ আগস্ট পারস্পরিক সমঝোতায় সেটি বাতিল হয়। ঠিক এক মাস পরই ৩৭ বছর বয়সী এই তারকা অবসরের ঘোষণা দিলেন।
১৮ বছরের ক্যারিয়ারে বোয়াটেং সাতটি ভিন্ন ক্লাবে খেলেছেন। তবে তাকে ফুটবলবিশ্ব সবচেয়ে বেশি মনে রাখবে বায়ার্ন মিউনিখের খেলোয়াড় হিসেবে। ২০১১ সালে ম্যানচেস্টার সিটি থেকে যোগ দিয়েছিলেন জার্মানির এই জায়ান্ট ক্লাবে। এক দশকের ক্যারিয়ারে ৯টি বুন্দেসলিগা, ২টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ২টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২২টি শিরোপা জিতেছেন তিনি।
বায়ার্ন ছাড়ার পর দুই মৌসুম খেলেছেন ফ্রান্সের অলিম্পিক লিওঁর হয়ে। এরপর ইতালির সালেরনিতানা হয়ে লাস্কে যোগ দেন তিনি।
অবসর নিয়ে বোয়াটেং বলেছেন, “দীর্ঘ ক্যারিয়ারে বড় ক্লাব ও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছি। শিখেছি, জিতেছি, হেরেছি— সব অভিজ্ঞতাই আমাকে সমৃদ্ধ করেছে। ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে, তবে এখন নতুন পথচলার সময় এসেছে। সব ক্লাব, সতীর্থ, সমর্থক এবং বিশেষ করে পরিবার ও সন্তানদের প্রতি আমি কৃতজ্ঞ।”






আপনার মতামত লিখুন