মালিবাগে রাস্তায় পাওয়া ৫০ হাজার টাকা: প্রকৃত মালিকের হাতে ফেরালেন পুলিশ
রাজধানীর মালিবাগে রাস্তায় পড়ে থাকা ৫০ হাজার টাকার বেশি নগদ অর্থ প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে মালিবাগ সোহাগ বাস কাউন্টারের বিপরীতে নূর স্যানিটারি দোকানের সামনে ডিউটিরত অবস্থায় একটি টাকার বান্ডিল দেখতে পান এসআই আশিকুর। পথচারীদের উপস্থিতিতে বান্ডিলটি উদ্ধার করে গুনে দেখা যায়, সেখানে মোট ৫০ হাজার ৪১০ টাকা রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিতদের অবহিত করে তিনি টাকা জব্দ করেন এবং মালিকের জন্য অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর কাউসার আহম্মেদ (৩৭) নামে একজন থানায় এসে জানান, ব্যাংক থেকে টাকা তুলে কর্মস্থলে যাওয়ার পথে তা হারিয়ে ফেলেছিলেন তিনি।
প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এবং হলি লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের জিএম ও এজিএমের উপস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রাপ্তিস্বীকারপত্রের মাধ্যমে টাকাগুলো মালিকের হাতে তুলে দেন এসআই আশিকুর রহমান।
এই ঘটনায় উপস্থিত সাধারণ মানুষ এসআই আশিকুর রহমানের সততা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।






আপনার মতামত লিখুন