ডাকসু ও হল সংসদ নির্বাচনে বাড়লো ব্যালটের আকার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হলের বাইরে মোট আটটি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
অন্যবারের তুলনায় এবার ডাকসু নির্বাচনে ব্যালটের আকার বেড়েছে। ডাকসুতে পাঁচ পৃষ্ঠার ব্যালটে ভোট হবে, আর হল সংসদের ভোট হবে এক পৃষ্ঠার ব্যালটে। এ ভোট দিতে হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে।
কেন্দ্র ও ভোটকক্ষসমূহ:
কার্জন হল কেন্দ্র: ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল (দ্বিতীয় তলার গ্যালারি), ফজলুল হক মুসলিম হল।
শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল (ইনডোর গেমস রুম), শহীদ সার্জেন্ট জহুরুল হক হল (ইনস্ট্রুমেন্ট রুম), সলিমুল্লাহ মুসলিম হল।
ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি): রোকেয়া হল (ক্যাফেটেরিয়া, গেমস রুম)।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল (মেঘনা গেমস রুম, পদ্মা গেমস রুম), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল (শিক্ষক লাউঞ্জ, সুরমা গেমস রুম)।
সিনেট ভবন কেন্দ্র: স্যার এ এফ রহমান হল (সেমিনার রুম), হাজী মুহম্মদ মুহসীন হল (অ্যালামনাই ফ্লোর), বিজয় একাত্তর হল (ডাইনিং রুম)।
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ: সূর্যসেন হল (২য় তলার ২০৩–২০৫ নং কক্ষ), মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল (সেমিনার কক্ষ), শেখ মুজিবুর রহমান হল, কবি জসীম উদদীন হল (মাঝখানের সিঁড়ির ২য় তলায়)।
ভূতত্ত্ব বিভাগ: কবি সুফিয়া কামাল হল (নীচতলা)।
ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ: শামসুন নাহার হল (নীচতলা)।
এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। হল সংসদে ১৮টি হলে ১৩টি করে পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। মোট ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। সবমিলিয়ে ভোটারদের এবার ৪১টি ভোট দিতে হবে।






আপনার মতামত লিখুন