ট্রেনে জুস খাইয়ে মা-মেয়েকে অচেতন, যাত্রীদের বুদ্ধিমত্তায় অজ্ঞান পার্টির সদস্য আটক
খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে এক অজ্ঞান পার্টির সদস্য। তিনি মা-মেয়েকে জুস খাইয়ে অচেতন করে তাদের অলংকার হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে পাশের আসনের এক যাত্রীর সতর্কতায় ধরা পড়ে যান অভিযুক্ত।
শনিবার (৩০ আগস্ট) ভোরে বিরামপুর-সৈয়দপুর রেলপথে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম ফুল মিয়া (৫৫)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাপুর এলাকার বাসিন্দা। ভুক্তভোগী মা-মেয়ে হলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার করনাই গ্রামের কৌশিলা রায় (৫০) ও তার মেয়ে বীথি রানী (২৮)।
রেলওয়ে পুলিশ জানায়, বিরামপুর থেকে ট্রেনে ওঠেন কৌশিলা ও তার মেয়ে। একই কামরায় ছিলেন ফুল মিয়া। আলাপের একপর্যায়ে তিনি তাদের জুস খেতে দেন। জুস খাওয়ার পরপরই মা-মেয়ে অচেতন হয়ে পড়েন। তখন তাদের কানের দুল ও নাকের ফুল খুলে নেন অভিযুক্ত ব্যক্তি।
এসময় পাশের আসনে থাকা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রহিম ঘটনাটি টের পান। তিনি ফুল মিয়াকে আটক করেন। প্রমাণের জন্য তার ব্যাগে থাকা জুস পান করানো হলে কিছুক্ষণ পর ফুল মিয়াও অজ্ঞান হয়ে পড়েন।
খবর পেয়ে ট্রেনের দায়িত্বরত পুলিশ রেলওয়ে থানাকে অবগত করে। পরে অচেতন মা-মেয়ে ও অভিযুক্ত ফুল মিয়াকে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন নবী জানান, ভুক্তভোগী ও আটক আসামির জ্ঞান এখনো পুরোপুরি ফেরেনি। ভুক্তভোগীর ছেলে রবীন্দ্র নাথ রায় বাদী হয়ে মামলা করেছেন। ফুল মিয়ার নামে দেশের বিভিন্ন রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে।






আপনার মতামত লিখুন