রুমিন ফারহানার গ্রেফতারের দাবিতে এনসিপির বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপি কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার চান্দুরা ডাকবাংলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রায় আধাঘণ্টা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
সম্প্রতি নির্বাচন কমিশনের শুনানিতে ‘অখণ্ড বিজয়নগর রক্ষার দাবিতে’ উপস্থিত হলে বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে এনসিপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার অভিযোগ ওঠে। এর প্রতিবাদেই এ কর্মসূচি আয়োজন করা হয়।
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ অভিযোগ করে বলেন, রুমিন ফারহানা বিজয়নগরের তিনটি ইউনিয়ন কেটে সরাইল-আশুগঞ্জ আসনে যুক্ত করার ষড়যন্ত্র করছেন। তিনি দাবি করেন, “সংরক্ষিত আসন থেকে এমপি হয়ে জনগণের ভোট ছাড়াই সুবিধা ভোগ করেছেন রুমিন ফারহানা। বিজয়নগরকে বিভক্ত করার চেষ্টা জনগণ কোনোভাবেই মেনে নেবে না।”
অন্য বক্তারা বলেন, বিএনপি নেত্রী গণতন্ত্রের নামে মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছেন। নির্বাচন কমিশনের শুনানিস্থলকে সন্ত্রাসী কায়দায় রণক্ষেত্রে পরিণত করা প্রমাণ করে, জনগণের রায়ের প্রতি তাদের আস্থা নেই। বক্তারা জোর দিয়ে বলেন, “অখণ্ড বিজয়নগর রক্ষা শুধু রাজনৈতিক নয়, বরং ব্রাহ্মণবাড়িয়াবাসীর ন্যায্য দাবি।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, বিজয়নগর উপজেলা সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র নেতা রাষ্টু সরকার, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, নারী নেত্রী জয়ন্তী বিশ্বাসসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।






আপনার মতামত লিখুন