সংস্কার ছাড়া নির্বাচন নয়, পিআর পদ্ধতিতে ভোটের দাবি ফয়জুল করীমের
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, কেবলমাত্র নির্বাচনের জন্য সাম্প্রতিক গণঅভ্যুত্থান হয়নি। আসন্ন জাতীয় নির্বাচনের আগে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন জরুরি, আর সেই নির্বাচন অবশ্যই আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে হতে হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বরিশাল নগরীর গির্জা মহল্লায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মুফতি ফয়জুল করীম বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ইসলামী ছাত্র আন্দোলন দেশ ও জাতির কল্যাণে ছাত্রসমাজকে আদর্শিক ও নৈতিক চেতনায় গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধই একটি আদর্শ জাতি গঠনের মূলভিত্তি।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মিশকাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম, সিনিয়র সহসভাপতি সৈয়দ নাছির আহমেদ কাওছার, সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমান এবং ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সুজন।
ফয়জুল করীম আরও বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে ইসলামী ছাত্র আন্দোলন শিক্ষা, চরিত্র, দেশ ও দ্বীন গঠনে ভূমিকা রেখে আসছে। ভোগবাদী সংস্কৃতি ও নৈতিক অবক্ষয়ের এ সময়ে ছাত্র সমাজকে দায়িত্বশীল, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।






আপনার মতামত লিখুন