সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো: ছাত্রশিবির সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, গত ১৫ বছরে দেশে যে ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামো তৈরি হয়েছে তা এখনও অটুট রয়ে গেছে। তার অভিযোগ, রাজনৈতিক দলগুলো শুধুই ক্ষমতার রাজনীতিতে ব্যস্ত থাকায় প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হয়নি।
শনিবার (১৬ আগস্ট) রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।
জাহিদুল ইসলাম বলেন, “গত এক বছরে যেসব সংস্কার বাস্তবায়নের প্রত্যাশা ছিল, রাজনৈতিক দলগুলো তা করতে পারেনি। ক্ষমতার মোহে তারা সংস্কারের বিষয়টিকে উপেক্ষা করছে।”
তিনি আরও দাবি করেন, “৩৬ জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া ছাত্র ও জনতার প্রত্যাশা সংস্কার কমিশনে প্রতিফলিত হয়নি। জনগণের স্থায়ী পরিবর্তনের আকাঙ্ক্ষা উপেক্ষিত থেকে গেছে।”
তার মতে, রাজনীতিবিদদের অতিরিক্ত ক্ষমতালোভী মানসিকতা দেশের স্থায়ী সংস্কারের পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে জেলা জামায়াতের নেতৃবৃন্দ, ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের কর্মী এবং শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন