১৫ আগস্টে কোনো শোক মিছিল করতে দেওয়া হবে না: পিনাকী ভট্টাচার্য
পিনাকী ভট্টাচার্য
জাতীয় শোক দিবস ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীতে কোনো শোক মিছিলের অনুমতি দেওয়া হবে না বলে সতর্কবার্তা দিয়েছেন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি ধানমণ্ডি ৩২ অভিমুখে যেকোনো সমাবেশ বা মিছিল ঠেকাতে কঠোর অবস্থানের ইঙ্গিত দেন।
শনিবার (৯ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পিনাকী লেখেন, “ধানমণ্ডি ৩২ নাম্বার অভিমুখে যেই মহাপুরুষই আসুক বা আসার চেষ্টা করুক, পরিণতি ভালো হবে না। মাইন্ড ইট। ঢাকা শহরকে আরেকটা যুদ্ধক্ষেত্র বানাবেন না।”
তিনি আরও বলেন, “ধানমণ্ডি ৩২ ফ্যাসিবাদের তীর্থস্থান, আর সেটির যেকোনো গৌরব প্রচেষ্টাকে জনগণ সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে।”
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘৭১ মঞ্চ’ ব্যানারে ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে যাত্রার খবর ভাইরাল হয়, যেখানে আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্নার নাম জড়ায়। তবে তিনি তা অস্বীকার করে জানান, এ ধরনের উদ্যোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
উল্লেখ্য, গত বছর অন্তর্বর্তীকালীন সরকার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিল করেছিল। যদিও ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এ দিনটি জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি ঘোষণা করেছিল, পরে বিএনপি নেতৃত্বাধীন সরকার তা বাতিল করলেও আদালতের রায়ের মাধ্যমে পুনর্বহাল হয়।






আপনার মতামত লিখুন