সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংক
দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ওপর আসন্ন বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় কঠোর সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৩০ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (আইসিটি) বিভাগ থেকে পাঠানো এক জরুরি চিঠিতে এই সতর্কতা বার্তা দেওয়া হয়। দেশের সকল তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং পেমেন্ট সেবা প্রদানকারী সংস্থাগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এই চিঠিতে অবিলম্বে সাইবার নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে উল্লেখ করা হয়েছে, “বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী দিনে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই), ব্যাংক, আর্থিক খাত, স্বাস্থ্যসেবা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।” এই আশঙ্কাজনক পরিস্থিতি মোকাবিলায় প্রতিষ্ঠানগুলোকে সময়ক্ষেপণ না করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সাইবার সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে দিয়েছে যে, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে দেশের সামগ্রিক আর্থিক ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন ঘটতে পারে।
সাইবার সুরক্ষায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশিত পদক্ষেপগুলো : কেন্দ্রীয় ব্যাংক সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধ ও মোকাবিলায় যেসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা বলেছে, সেগুলো হলো ,সার্ভার, ডেটাবেজ এবং আইটি সিস্টেমগুলো নিয়মিত আপডেট করতে হবে। পাশাপাশি, অপ্রয়োজনীয় পোর্ট বন্ধ রাখা এবং শুধুমাত্র অনুমোদিত প্রবেশাধিকার নিশ্চিত করা আবশ্যক। সংরক্ষিত ডেটার গুরুত্ব অনুযায়ী নিয়মিত ব্যাকআপ ও রিস্টোর ব্যবস্থা চালু রাখতে হবে, যেখানে ‘৩-২-১ ব্যাকআপ কৌশল’ অনুসরণ করতে উৎসাহিত করা হয়েছে। ডেটা স্থানান্তর, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে এনক্রিপশনকে বাধ্যতামূলক করা হয়েছে। সকল গুরুত্বপূর্ণ সিস্টেমে মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) চালু করা অত্যাবশ্যক।
নিরাপত্তা নজরদারির জন্য বিশেষায়িত টুলস ব্যবহার এবং এন্ডপয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (ইডিআর), অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিয়মিত হালনাগাদ ও কার্যকারিতা নিশ্চিত করতে হবে। সম্ভাব্য হামলা মোকাবিলায় ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান এবং বিশেষায়িত টিম প্রস্তুত রাখতে হবে। সন্দেহজনক লগইন, ফাইল পরিবর্তন বা বাহ্যিক সংযোগগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং কোনো অস্বাভাবিকতা দেখা গেলে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে হবে।রিমোট এক্সেস, ভিপিএন এবং প্রিভিলেজড অ্যাকাউন্টগুলো নিয়মিত পর্যালোচনা করে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপের নির্দেশ দেওয়া হয়েছে।
সাইবার হামলার কোনো লক্ষণ দেখা গেলে দ্রুত ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে। ২৪/৭ ভিত্তিতে নিরাপত্তা মনিটরিং সেন্টার পরিচালনায় প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে বলা হয়েছে। সিস্টেমের উচ্চ সক্ষমতা ও স্থায়িত্ব বজায় রাখতে লোড ব্যালেন্সার স্থাপন এবং বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের বিজনেস কনটিনিউটি প্ল্যান এবং ডিজাস্টার রিকভারি প্ল্যান হালনাগাদ করে তা বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জোর দিয়ে বলেছে যে, এই পদক্ষেপগুলোর মূল লক্ষ্য হলো যেকোনো সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধ করা, ক্ষয়ক্ষতি কমানো এবং ঝুঁকি মোকাবিলায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা।






আপনার মতামত লিখুন