টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে
নিখোঁজের ৩৭ ঘণ্টা পর ওষুধ কোম্পানি কর্মীর মরদেহ উদ্ধার
গাজীপুর মহানগরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়ার ৩৭ ঘণ্টা পর উদ্ধার করা হলো ফারিয়া তাসনিম সিদ্দিকী জ্যোতি (২৪)-এর মরদেহ। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল টঙ্গীর বাষ্পট্টি বিলের মাঝখান থেকে তার মরদেহ উদ্ধার করে।
এর আগে রোববার (২৭ জুলাই) রাত ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন হোসেন মার্কেট এলাকায় ভারী বৃষ্টির মধ্যে হাঁটার সময় খোলা একটি ম্যানহোলে পড়ে যান জ্যোতি। প্রবল স্রোতে মুহূর্তেই তিনি তলিয়ে যান।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। তবে সোমবার রাত পর্যন্ত কোনো খোঁজ না মেলায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, যা প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়।
নিহত জ্যোতি রাজধানীর মিরপুর ১০ নম্বর সেক্টরের বাসিন্দা ছিলেন। তিনি একটি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠান ‘মনি ট্রেডিং’-এ সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ড মসজিদপাড়ায়। তিনি ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে।
স্থানীয়দের অভিযোগ, টঙ্গীর বিভিন্ন এলাকায় অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বড় সড়কের পাশে থাকা ১২ ফুট প্রশস্ত ড্রেন সংকুচিত করে ৬ ফুটে নামিয়ে আনা হয়েছে। এতে বর্ষা মৌসুমে প্রবল স্রোত তৈরি হয়, যা খোলা ম্যানহোলকে মৃত্যুফাঁদে পরিণত করেছে। এর আগেও এমন প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে।
ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন “দুর্ঘটনাস্থলের ম্যানহোলটি প্রায় ১০ ফুট গভীর ছিল এবং প্রবল বর্ষণের কারণে সেটি সম্পূর্ণ পানিতে ডুবে গিয়েছিল। দীর্ঘ অনুসন্ধানের পর আজ সকালে ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।”
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসকান্দার হাবিবুর রহমান জানান, “আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজ পরিচালনা করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”






আপনার মতামত লিখুন