২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪২৯, বাড়ছে সংক্রমণের গতি
দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় (৩০ জুন) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪২৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সান্ত্বনার বিষয় হলো—আজ (সোমবার) কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে আগের দিন রোববার আক্রান্তের সংখ্যা ছিল ৩৮৩ এবং মৃত্যু হয়েছিল ১ জনের। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্ত বেড়েছে ৪৬ জন।
চলতি সপ্তাহে (৩০ জুন পর্যন্ত) সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১২ জন এবং সাপ্তাহিক মৃত্যুর সংখ্যা ১।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুনের শেষ দিন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০,২৯৬ জন এবং মৃত্যুর সংখ্যা ৪২ জন।
লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে ৩৯.৪ শতাংশ নারী এবং ৬০.৬ শতাংশ পুরুষ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বর্ষাকালে বৃষ্টিপাত ও জমে থাকা পানির কারণে মশার প্রজনন বৃদ্ধি পেয়েছে। ফলে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে। তারা জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ ও মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন।






আপনার মতামত লিখুন