উপবৃত্তির টাকা নেওয়ার ফাঁদে পিন-ওটিপি চাওয়া, প্রতারণা রোধে সতর্কতা জারি
শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেওয়ার নামে একটি প্রতারকচক্র অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে পিন, ওটিপি ও অ্যাকাউন্ট নম্বর হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে। বিষয়টি সামনে আসায় সরব হয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে জানিয়েছে—উপবৃত্তির অর্থ পেতে কাউকে ব্যক্তিগত আর্থিক তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং এসব তথ্য শেয়ার করলে পুরো অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়তে পারে। তাই সকলকে সচেতন থাকতে আহ্বান জানানো হয়েছে।
ট্রাস্টের স্কিম পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আসাদুল হক জানান, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর ২০২৪ এবং জানুয়ারি-জুন ২০২৫ মেয়াদের উপবৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম চলছে। এর মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে ফোন করে বা মেসেজ পাঠিয়ে প্রতারকচক্র অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে পিন ও ওটিপি চাইছে। অথচ এসব তথ্য একান্তই ব্যক্তিগত এবং সেগুলো কাউকে জানানো মানেই আর্থিক ঝুঁকির মুখে পড়া।
সেজন্য, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যেন কোনো শিক্ষার্থী বা অভিভাবক অ্যাকাউন্ট নম্বর, পিন নম্বর কিংবা ওটিপি কারো সঙ্গে—বিশেষ করে অপরিচিত কারও সঙ্গে—শেয়ার না করেন। কারণ, এই তথ্য দিয়ে প্রতারকরা সহজেই অ্যাকাউন্টে থাকা উপবৃত্তির টাকা তুলে নিতে পারে।
এবিষয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে৷ যেখানো বলা হয়েছে, উপবৃত্তির অর্থ সরাসরি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে প্রাপকের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। এই প্রক্রিয়ায় কোথাও কোনো ব্যক্তিগত তথ্য দেওয়ার প্রয়োজন নেই। কেউ যদি ফোন করে নিজেকে ট্রাস্টের প্রতিনিধি দাবি করে পিন বা ওটিপি জানতে চায়, তাহলে বুঝতে হবে এটি একটি প্রতারণার চেষ্টা। এ ধরনের ফোন কল বা মেসেজ এলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট নম্বর সংরক্ষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে বলা হয়েছে।
একইসঙ্গে প্রতারণা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, এ বিষয়ে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হতে বারবার আহ্বান জানানো হয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের সন্দেহজনক বার্তা বা ফোন পেলে ট্রাস্টের হটলাইন ০২-৫৫০০২০৯৩ নম্বরে অথবা hsp@pmeat.gov.bd ঠিকানায় অভিযোগ জানাতেও বলা হয়েছে।






আপনার মতামত লিখুন