খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নতুন বাজার-গুলশান সড়ক অবরোধ করেছে ইউআইইউ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ণ
নতুন বাজার-গুলশান সড়ক অবরোধ করেছে ইউআইইউ শিক্ষার্থীরা

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ একাধিক দাবিতে রাজধানীর নতুনবাজার এলাকায় সকাল থেকে সড়ক অবরোধ করেছেন। 

শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টা থেকেই শিক্ষার্থীরা মূল সড়কে অবস্থান নিলে নতুন বাজার-গুলশান-বনশ্রী সংযোগ সড়কে যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। সেখানে নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সকাল ৮টার দিকে ইউআইইউ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নতুন বাজার সড়কে অবস্থান নেন। এ সময় কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে অপরপাশের সড়কে যান চলাচল করলেও সে সংখ্যা কম।

ইউআইইউ’র শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ তুলে নেওয়া ও স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়কে তাদের এই অবস্থান কর্মসূচি।

এ বিষয়ে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান জানান, বহিষ্কারাদেশ তুলে নেওয়া ও স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে ইউআইইউর শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন।

এদিকে, অবরোধস্থলে শিক্ষার্থীদের ‘হয় বহিষ্কার বাদ যাবে, না হয় আমার লাশ যাবে’, ‘প্রত্যাহার বহিষ্কার, তারপর হবে সংস্কার’, ‘পা চাটলে পুরস্কার, না চাটলে বহিষ্কার’, ‘বহিষ্কার প্রত্যাহার, করতে হবে করতে হবে’, ‘অথরিটি স্বৈরাচার, এবার তোরা গদি ছাড়’, ‘প্রাইভেটখাতে শিক্ষাকর, করতে হবে প্রত্যাহার’, ‘১ ২ ৩ ৪, প্রাইভেট সংস্কার’, ‘প্রাইভেট সব মাঠে থাক, সিন্ডিকেট নিপাত যাক’- ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

মূলত, গত ২৬ ও ২৭ এপ্রিল ইউআইইউ ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে উপাচার্যসহ ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। ২৮ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে ২০ মে থেকে অনলাইন ক্লাস চালু হলেও শিক্ষার্থীদের একটি বড় অংশ তা প্রত্যাখ্যান করে সরাসরি ক্লাস ও প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, কর্তৃপক্ষ তাদের ১৩ দফা যৌক্তিক দাবি উপেক্ষা করছে। বরং আন্দোলন দমন করতে বহিষ্কার ও তদন্তের ভয় দেখানো হচ্ছে। ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ২৬ মের মধ্যে বিশ্ববিদ্যালয় ত্যাগ করলে টিউশন ফির সম্পূর্ণ ফেরত দেওয়ার প্রস্তাব দিলেও, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইউআইইউর ট্রাস্টি বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়া বলেন, আমরা চাই না কোনো শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত হোক।

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার

সংগৃহীত ছবি

বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যদিবসের শুরুতেই স্পিকার এ ঘোষণা দেন।

স্পিকার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। সেটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র পাওয়ার পর থেকে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হবে। সে অনুযায়ী, ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি মহান সংসদকে অবহিত করা হলো।’

ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক শিক্ষামন্ত্রী এবং কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য।  ১৯৪০ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মুহাম্মদ ওসমান গণির সন্তান।

যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি বাকৃবিতে শিক্ষকতা এবং বিশ্বব্যাংকে উচ্চপদে কর্মরত ছিলেন। ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১-২০০৬ মেয়াদে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

শীর্ষ সংবাদ:
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী