পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর পশ্চিমপাড়া এলাকায় বৃহস্পতিবার (১২ জুন) সকালে পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। সকালটা শুরু হয়েছিল স্বাভাবিকভাবে, কিন্তু মুহূর্তেই তা রূপ নেয় শোকের ছায়ায়।
নিহতরা হলো বিহাইর পশ্চিমপাড়ার মো. কাউসার মিয়ার সাড়ে তিন বছরের মেয়ে মরিয়ম আক্তার এবং ধানসার গ্রামের আড়াই বছরের সাহিদা আক্তার, যিনি নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির উঠানে একসাথে খেলছিল দুই শিশু। একপর্যায়ে পরিবারের অগোচরে তারা পুকুরের দিকে চলে যায়। দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশের পুকুরে দুই শিশুর মরদেহ ভেসে থাকতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করলেও ততক্ষণে সব শেষ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।






আপনার মতামত লিখুন