যুক্তরাজ্যের প্রতি দ্রুত পদক্ষেপের আহ্বান তিন দুর্নীতিবিরোধী সংস্থার
আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া অবৈধ অর্থ জব্দ ও তা ফেরত আনতে যুক্তরাজ্য সরকারের প্রতি তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), স্পটলাইট অন করাপশন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-ইউকে।
মঙ্গলবার (১০ জুন) যৌথভাবে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাগুলো যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি দুর্নীতিবাজদের ওপর নিষেধাজ্ঞা আরোপ, পাচারকৃত সম্পদ জব্দ এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম জোরদারের দাবি জানায়।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “বাংলাদেশে সুশাসন ও গণতান্ত্রিক উত্তরণের সম্ভাবনা বাস্তবায়নে যুক্তরাজ্যকে এখনই সক্রিয় ভূমিকা নিতে হবে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা কেবল বাংলাদেশের স্বার্থ নয়, বরং যুক্তরাজ্যেরও আন্তর্জাতিক দায়বদ্ধতার অংশ।”
স্পটলাইট অন করাপশনের নির্বাহী পরিচালক সুসান হাওলি যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আর সময়ক্ষেপণ না করে এখনই কঠোর পদক্ষেপ গ্রহণের সময়। পাচারকৃত অর্থ জব্দ, আইনি ব্যবস্থা ও পুনরুদ্ধারের প্রক্রিয়ায় জরুরি ভিত্তিতে গতি আনতে হবে।”
এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে-এর পলিসি ডিরেক্টর ডানকান হেমস বলেন, “যারা অর্থপাচারে জড়িত, বিশেষ করে শেখ হাসিনার ঘনিষ্ঠ যেসব ব্যক্তি যুক্তরাজ্যে ৪০০ মিলিয়ন পাউন্ডের বেশি মূল্যের সম্পদের মালিক, তাদের বিরুদ্ধে কার্যকর অনুসন্ধান চালিয়ে সম্পদ জব্দ করতে হবে। কেবল বক্তব্য নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমেই যুক্তরাজ্যের অবস্থান স্পষ্ট করতে হবে।”
প্রাসঙ্গিক তথ্য:
– ব্রিটিশ পত্রিকা দ্য অবজারভার এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে-এর এক যৌথ অনুসন্ধানে উঠে এসেছে, আওয়ামী সরকারের ঘনিষ্ঠ বেশ কয়েকজন ব্যক্তি যুক্তরাজ্যে ৪০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি মূল্যের সম্পদের মালিক। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) ইতোমধ্যে ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পদ জব্দ করেছে।
– অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তিনি ২০০৯-২০২৩ সময়কালে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার করে মোট ২৩৪ বিলিয়ন ডলার পাচারের তথ্য প্রকাশ করেছেন, যা সরকার গঠিত শ্বেতপত্র কমিশনের অনুমান।
– বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অন্তর্বর্তী সরকারকে শান্তি ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। ব্রিটেনের পররাষ্ট্র সচিব এক বক্তব্যে বলেছেন, “অর্থপাচারের স্বর্ণযুগ শেষ হয়েছে”— যা এই প্রক্রিয়ায় যুক্তরাজ্যের নতুন অবস্থান নির্দেশ করে।






আপনার মতামত লিখুন