যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ
বাংলাদেশ-সিঙ্গাপুর আজ সন্ধ্যা সাতটায় জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে। ম্যাচটি দেখতে বাংলাদেশের ফুটবল সমর্থকরা মুখিয়ে রয়েছেন। যদিও স্টেডিয়ামে গিয়ে সবার খেলা দেখার সুযোগ হচ্ছে না।
স্টেডিয়ামের ধারণক্ষমতা ২০ হাজারের বেশি হলেও মুহূর্তেই তা ‘সোল্ড আউট’ হয়ে গেছে। টিকিটের দাবিতে বাফুফে ভবনের বাইরে বিক্ষোভের মতো ঘটনাও ঘটেছে। যারা গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন না, তাদের জন্য রয়েছে বড় পর্দায় খেলা দেখার সুযোগ।
ম্যাচটির সম্প্রচারকারী চ্যানেল টি স্পোর্টস জানিয়েছে, দেশে আটটি স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে। এসব স্থানের মধ্যে রয়েছে ঢাকার রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, ময়মনসিংহের জেলা পরিষদ চত্বর, রংপুরের জেলা পরিষদ চত্বর, রাজশাহীর নানকিং বাজার, সিলেটের জিরো পয়েন্ট, খুলনার শিববাড়ি মোড় এবং বরিশালের বেল’স পার্ক। এসব স্থানে হামজা-জামালদের খেলা দেখা যাবে বিনামূল্যে।
২০২৬ সালের এশিয়ান কাপ বাছাই পর্বের এই ম্যাচটি গুরুত্বপূর্ণ, কারণ এখন পর্যন্ত গ্রুপ ‘সি’-তে চার দলেরই সংগ্রহ সমান ১ পয়েন্ট করে। এই ম্যাচে জয় পেলে গ্রুপের পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ অগ্রগতি নিশ্চিত করতে পারবে যে কোনো একটি দল। বিশেষ করে ঘরের মাঠে খেলতে নামা বাংলাদেশের জন্য এটি একটি বড় সুযোগ হিসেবে ভাবা হচ্ছে। আজ (মঙ্গলবার) জাতীয় ফুটবল স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭ টায়।
আন্তর্জাতিক পর্যায়ে এখন পর্যন্ত বাংলাদেশ ও সিঙ্গাপুর মাত্র দুইবার মুখোমুখি হয়েছে, দুইবারই জয় পেয়েছে সিঙ্গাপুর। মাঠের লড়াইয়ে এখনো বাংলাদেশ জয়হীন। তবে সাম্প্রতিক ফর্মে বাংলাদেশ তুলনামূলক ভালো করছে, শেষ পাঁচ ম্যাচে তারা জয় পেয়েছে দুটি, একটি ড্র এবং দুটি হার।






আপনার মতামত লিখুন