চোখের অস্ত্রোপচারের জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল
রেটিনার জটিলতা নিয়ে থাইল্যান্ডের হাসপাতালে চিকিৎসা নেবেন বিএনপি মহাসচিব
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন। সোমবার (১২ মে) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুলের চোখে রেটিনার সমস্যা দেখা দেওয়ায় ব্যাংককের রুটনিন আই হাসপাতালে তার অস্ত্রোপচার করা হবে। এর আগে রোববার গুলশানের ইউনাইটেড হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শেই এই আন্তর্জাতিক চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত হয়।
তিনি বলেন,
“চোখের সমস্যার দ্রুত চিকিৎসা প্রয়োজন হওয়ায় জরুরি ভিত্তিতে ব্যাংককে নেয়া হয়েছে। সেখানেই অস্ত্রোপচার করা হবে।”
এর আগে, এ বছরের ৬ এপ্রিল সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছিলেন মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম। সাম্প্রতিক সময়গুলোতে বিএনপি নেতার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।






আপনার মতামত লিখুন