‘বাংলাদেশের মতো ভারতেও গণঅভ্যুত্থান হবে’
ভারতের বিখ্যাত আরএসএস গবেষক দিলীপ দিওধর এমন মন্তব্য করেছেন
ভারতের বিখ্যাত আরএসএস গবেষক দিলীপ দিওধর দেশটির ইংরেজি দৈনিক ইকোনমিক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় রাজনীতি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার ও তাদের মূল সংগঠন কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মধ্যে সম্পর্ক গত ১১ বছরে কিছুটা শীতল হয়ে উঠেছিল। তবে লোকসভা নির্বাচনে হতাশাজনক ফল এবং বাংলাদেশে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পালাবদল উভয় সংগঠনকে ফের কাছাকাছি আনছে।
গবেষক দিলীপ দিওধর বলেছেন, ‘‘গত ১১ বছরে মূল সংগঠন আরএসএস ও বিজেপির মধ্যে সম্পর্ক শীতল হয়ে গিয়েছিল এবং বিজেপি এই বছরগুলোতে নিজেদের পথে চলেছে। কর্ণাটক ও উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের সময় তাদের সম্পর্ক আরও খারাপ হয়েছিল। ওই সময় আরএসের পরামর্শ উপেক্ষা করেছিল বিজেপি। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের পর, যেখানে বিজেপি এক সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে ছিল এবং বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন সংগঠন দু’টিকে কাছে নিয়ে এসেছে।’’
তিনি বলেন, ‘‘আরএসএস নেতৃত্ব থেকে শুরু করে তার কর্মীদের দলের নির্বাচনী প্রচারণায় অংশ না দেওয়ার বিষয়ে কোনও নির্দেশনা ছিল না। তবে ব্যক্তিগত পর্যায়ে কোনও কর্মী বা দলীয় কার্যনির্বাহী নির্বাচনী প্রচারণা চালাতে চাইলে তিনি তা নির্দ্বিধায় করতে পারতেন। সংঘ বিজেপিকে সহায়তা করার জন্য এগিয়ে আসেনি এবং এর প্রভাব বিধানসভা ও লোকসভা নির্বাচনে দেখা গেছে।’’
আরএসএসের এই গবেষক বলেছেন, দু’টি সংগঠনই তাদের নিজেদের মধ্যকার মতপার্থক্যকে পেছনে ফেলার চেষ্টা করছে। আর এতে বিশাল ভূমিকা পালন করছে বাংলাদেশে হাসিনা সরকারের পতন।
তিনি বলেন, সংঘ বিজেপি নেতৃত্বকে তার উদ্বেগের বিষয়ে অবহিত করেছিল যে, রাজপথের বিক্ষোভের মাধ্যমে বাংলাদেশে যেভাবে সরকার পরিবর্তন ঘটেছিল, সেরকম কিছু ভারতেও ঘটতে পারে। বাংলাদেশে সরকার পতনের পর ভারতের অনেক বিরোধী নেতা বলেছিলেন, দেশেও একই রকমের ঘটনা দরকার। যে কারণে উদ্বেগগুলো অমূলক ছিল না। সংঘ ও বিজেপি উভয়ই জানে, বাইরের এমন কিছু শক্তি রয়েছে, যারা ভারতের নিজস্ব বৈদেশিক নীতি থাকতে পারে, সেটা চায় না।’’
২০০০ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তার পুরো মন্ত্রিসভা নিয়ে রেশিমবাগে গিয়েছিলেন। তখনকার আরএসএস প্রধান কেএস সুদর্শন বাজপেয়ীকে উপেক্ষা করে নিজেকে দূরে রেখেছিলেন। এবার আরএসএস প্রধান মোহন ভগবত নরেন্দ্র মোদিকে স্বাগত জানিয়েছেন। রোববারে ভগবতের দেওয়া বক্তৃতা বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি কীভাবে মোদির ভাষণ শোনার জন্য উদগ্রীব ছিলেন; যখন প্রধানমন্ত্রী সংঘ ও বিকশিত ভারত প্রকল্পে সংঘের প্রশংসা করে গুরুত্বের কথা বলেছিলেন।
সূত্র: ইকোনমিক টাইমস।






আপনার মতামত লিখুন