ফেনীর ফুলগাজী সীমান্ত: ভারতীয় বানরের উপদ্রবে অতিষ্ট জনগণ
ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সির হাট বাজারে দেখা যায় কয়েকটি বানর একটি দোকান থেকে চিপসের প্যাকেট নিয়ে যেতে অনেক চেষ্টা করলে স্থানীয় লোকজন বানরটিকে তাড়িয়ে দেন। পরে লোকজন দোকান থেকে বিস্কুট কিনে বানরগুলোকে দেন।
সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা সোহাগ। তিনি বলেন, এ রকম আরও কয়েকশ বানর সীমান্তবর্তী এলাকায় ঘুরে বেড়ায়। প্রায়ই বিভিন্ন দোকান থেকে জিনিস নিয়ে পালিয়ে যায়। ক্ষুধার তাড়নায় হানা দিচ্ছে গ্রামের বাড়ি বাড়ি। হাট-বাজার থেকে বাজার নিয়ে বাড়ি ফেরার পথে মানুষের হাত থেকে ছিনিয়ে নিচ্ছে ব্যাগ। নষ্ট করছে গাছের ফলফলাদী। কেড়ে নিচ্ছে মানুষের ঘরের খাদ্য সামগ্রী। তাড়া করলে বানর গুলো দল বেঁধে হামলা করে আহত করছে মানুষকে। আবার অনেক মানুষ আবার নিজ থেকে এসব প্রাণীকে খাবার তুলে দেয়। বানরগুলো রাস্তায় হঠাৎ করে গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। মানুষের ঘরে ঢুকে যায়।
সরেজমিন গিয়ে জানা যায়, ভারত থেকে হাজার হাজার বানর ঢুকে পড়ছে বাংলাদেশে। বিএসএফ কয়েক হাজার বানর এনে ভারতের সীমান্তরক্ষী ত্রিপুরা রাজ্যের বনাঞ্চলে অবমুক্ত করে। সেই বানরগুলোই বনাঞ্চলে খাবার না পেয়ে দলে দলে কাঁটাতার পেরিয়ে ছুটে আসছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার লোকালয়ে। ফেনী সীমান্ত এলাকায় এসে এসব বানর নষ্ট করছে কৃষকের ক্ষেত ও ফলের বাগান।
এতে চরম বিপাকে পড়েছেন সীমান্তের কৃষকসহ সাধারণ মানুষ। কয়েক মাস যাবত এমনটি ঘটছে ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পৈথারা, ফকিরের খিল, কামাল্লা, বদরপুর ও জামমুড়ার সীমান্তবর্তী এলাকায়। আর তাই বানর থেকে সবজি, ফল, খাবার রক্ষায় দিনরাত লাঠি নিয়ে ক্ষেত পাহাড়া দিচ্ছেন এলাকাবাসী।
স্থানীয় আলিমুন্নেছা বলেন, মানুষদের কিছু বলার সাহস নাই। কারণ তারা দল বেঁধে আক্রমণ করে। রান্নাঘরে ঢুকে খাবার নিয়ে যায়। কিছু করার নেই। ভয়ে থাকি, আতঙ্কে থাকি।
স্থানীয়দের ভাষ্য, ভারতের অন্য রাজ্যে বানরের উৎপাত বেড়ে যাওয়ায়, দেশটির সীমান্তরক্ষী বিএসএফ কয়েক হাজার বানর এনে ত্রিপুরা রাজ্যের বনাঞ্চলে অবমুক্ত করে। সেই বানরগুলোই বনাঞ্চলে খাবার না পেয়ে দলে দলে কাঁটাতার পেরিয়ে ছুটে আসছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার লোকালয়ে। হানা দিচ্ছে ফসলের ক্ষেত ও ফলের বাগানে। প্রতিদিন বানরগুলো দুই-তিনটি দলে বিভক্ত হয়ে দিনে কয়েকবার হানা দেয় কৃষকের আম, কাঁঠাল, সবজির বাগানসহ শস্যক্ষেতে। ফলে এসব এলাকার প্রান্তিক কৃষকরা বানরের হাত থেকে রক্ষা করতে পারছে না আলু, বেগুন, বরবটি, সিমসহ বিভিন্ন সবজির ক্ষেত। বাড়িতে ঢুকে খেয়ে ফেলছে রান্না করা খাবার। সীমান্তবর্তী এলাকার এ প্রান্তিক কৃষকরা বানরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে বন বিভাগের সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় কৃষক আবুল খায়ের বলেন, দলে দলে বানর এসে ফসলের জমিসহ বিভিন্ন সবজির বাগান নষ্ট করছে। বানরগুলোকে তাড়ালেও যেতে চায় না। ফসল রক্ষায় দিনের বেশিরভাগ সময় আমাদের মাঠে পাহারা দিতে হচ্ছে।
ফকিরের খিল গ্রামের আবদুল কাদের জানান, শুধু ফসলের ক্ষেত নয়, মাঝে মাঝে বানরগুলো বাড়িতে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়, রান্না করা খাবার খেয়ে ফেলে। বানরের এমন উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।
ফল-বাগানি আবু তাহের বলেন, বানরের দল ফল বাগানে এসে পড়ে মুহূর্তেই কাঁচাপাকা ফল তছনছ করে ব্যাপক ক্ষতি সাধন করে। এতে কৃষকদের বড় ধরনের লোকসান গুনতে হবে। বন বিভাগ দ্রুত কোনো উদ্যোগ নিলে বানরের উৎপাত ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে কৃষকরা।
মুন্সিরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাদাত হোসেন জানান, কয়েকমাস ধরে ভারত থেকে ঝাঁকে ঝাঁকে নেমে আসা বানর ফল ও ফসল নষ্ট করায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। ফসল রক্ষায় বানর তাড়ানোর জন্য বন বিভাগের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বনে খাদ্য ও বাসস্থানের সংকটের কারণে প্রায়ই বন্য প্রাণীরা লোকালয়ে চলে আসছে। শহরে প্রায়ই দলছুট বানর দেখা যায়। এরা বিভিন্ন দোকানে গিয়ে চিপসসহ বিভিন্ন খাবারের প্যাকেট নিয়ে পালিয়ে যায়। তাঁরা খবর পেয়ে ছুটে গিয়ে সেগুলোকে উদ্ধার করেন। এখন যে হারে প্রাণীরা শহরমুখী হচ্ছে, এতে প্রাণীরা ঝুঁকিতে পড়ছে। শহরের বিভিন্ন যানবাহনের ধাক্কায় বা বিদ্যুতের তারে লেগে বন্য প্রাণীদের মৃত্যুর খবর মিলছে। এদের মধ্যে বানরের সংখ্যা বেশি।
জানতে চাইলে সামাজিক বন বিভাগ ফেনীর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক বলেন, বানরগুলো বনাঞ্চলে খাবার সংকটের কারণে মূলত লোকালয়ে নেমে এসেছে। বানর নিরীহ প্রাণী, এদের মারা যাবে না। আগুন জ্বালিয়ে ধোঁয়া দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বানরগুলোকে তাড়াতে হবে। এ বিষয়ে কৃষকদের সচেতন করতে সীমান্তবর্তী এলাকায় বন বিভাগের লোকবল পাঠানো হয়েছে। জীব বৈচিত্য ধ্বংসের ফলে বানরগুলো লোকালয়ে চলে আসছে।






আপনার মতামত লিখুন