খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

৫০০ কোটি মানুষ আরও গরিব, ধনীদের সম্পদ দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ৭:৫০ অপরাহ্ণ
৫০০ কোটি মানুষ আরও গরিব, ধনীদের সম্পদ দ্বিগুণ

বিশ্বের ধনী ব্যক্তিদের মোট সম্পদ গত চার বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে। একই সময়ে বিশ্বের প্রায় ৫০০ কোটি মানুষ আরও বেশি গরিব হয়েছে।

আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান অক্সফামের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

অক্সফামের তথ্য মতে, বিশ্বের শীর্ষ পাঁচ ধনীর তালিকায় রয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক, ফরাসি বিলাসপণ্য নির্মাতা প্রতিষ্ঠা লুই ভিতোঁর প্রধান বার্নার্ড আর্নল্ট, আমাজনের জেফ বেজোস, বিনিয়োগকারী ওয়ারেন বাফেট ও ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। গত ৪ বছরে এই পাঁচ ধনকুবেরের সম্পদ প্রতি ঘণ্টায় ১৪ মিলিয়ন ডলার হারে বেড়েছে।

অক্সফামের প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ পাঁচ ধনীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে ইলন মাস্কের। তিনি টেসলা, স্পেসএক্স, এক্সসহ (পূর্বে টুইটার) বেশ কয়েকটি সংস্থার মালিক। গত বছরের নভেম্বরের শেষ নাগাদ তার সম্পদ বেড়ে দাঁড়ায় ২৪৫ দশমিক ৫ বিলিয়ন বা ২৪ হাজার ৫৫০ কোটি ডলার, যা ২০২০ সালের মার্চের তুলনায় ৭৩৭ শতাংশ বেশি।

ইলন মাস্কের ঠিক পরেই রয়েছেন লুই ভিতোঁর চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ট। তার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১৯১ দশমিক ৩ বিলিয়ন বা ১৯ হাজার ১৩০ কোটি ডলার, যা ২০২০ সালের মার্চের তুলনায় ১১১ শতাংশ বেশি। একই সময়ে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১৬৭ দশমিক ৪ বিলিয়ন বা ১৬ হাজার ৭৪০ কোটি ডলারে, যা আগের তুলনায় ২৪ শতাংশ বেশি।

অন্যদিকে, একই সময়ে ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৪৫ দশমিক ৫ বিলিয়ন বা ১৪ হাজার ৫৫০ কোটি ডলারে, যা আগের তুলনায় ১০৭ শতাংশ বেশি। আর গত চার বছরে বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও ওয়ারেন বাফেটের সম্পদ ৪৮ শতাংশ বেড়ে ১১৯ দশমিক ২ বিলিয়ন বা ১১ হাজার ৯২০ কোটি ডলার হয়েছে।

অক্সফামের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সাল থেকে মূল্যস্ফীতির হিসাব বিবেচনায় নিয়েই এই পাঁচ বিলিয়নিয়ারের মোট সম্পদ ৪০৫ বিলিয়ন বা ৪০ হাজার ৫০০ কোটি ডলার থেকে ১১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৬৯ বিলিয়ন বা ৮৬ হাজার ৯০০ কোটি ডলারে। অর্থাৎ চার বছরে তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ বেড়েছে ৪৬৪ বিলিয়ন বা ৪৬ হাজার ৪০০ কোটি ডলার।

অক্সফাম বলছে, তাদের সম্পদ এমন গতিতে বাড়তে থাকলে আগামী এক দশকের মধ্যে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারের দেখা মিলতে পারে।

এদিকে, একই সময়ের মধ্যে, দরিদ্রতম ৪ দশমিক ৭৭ বিলিয়ন বা ৪৭৭ কোটি মানুষের (বিশ্ব জনসংখ্যার ৬০ শতাংশ) মোট সম্পদ ০ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে। মূল্যস্ফীতি, যুদ্ধ ও জলবায়ু পরিবর্তনজনিত সংকটের কারণে তাদের দারিদ্র্য আরও বেড়েছে। অক্সফাম বলছে, এই দারিদ্র্য দূর করতে ২৩০ বছরের মতো সময় লেগে যাবে।

অক্সফাম জানিয়েছে, সামগ্রিকভাবে বিশ্বের সব বিলিয়নিয়ারদের সম্পদ ২০২০ সাল থেকে ২০২৩ সালের শেষ পর্যন্ত ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার বা ৩৪ শতাংশ বেড়েছে। এবং তাদের সম্পদ বৃদ্ধির হার বৈশ্বিক মূল্যস্ফীতি হারের চেয়েও তিন গুণ বেশি।

ইনইকুয়ালিটি ইনকরপোরেশনের প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের ১০টি বড় করপোরেশনের মধ্যে ৭টিরই বিলিয়নেয়ার সিইও কিংবা শেয়ারহোল্ডার রয়েছে। যদিও বিশ্বজুড়ে লাখ লাখ শ্রমিকের জীবনযাত্রার মান স্থবির রয়েছে। বিশ্বের ৫২টি দেশে প্রায় ৮০ কোটি শ্রমিকের গড় প্রকৃত মজুরি কমেছে। এই শ্রমিকরা গত দুই বছরে সম্মিলিতভাবে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ১ লাখ ৫০ হাজার কোটি ডলার হারিয়েছে।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির ১ শতাংশ বৈশ্বিক আর্থিক সম্পদের ৫৯ শতাংশের মালিক। শুধু যুক্তরাজ্যের সবচেয়ে ধনী ১ শতাংশ ব্যক্তি সব আর্থিক সম্পদের ৩৬ দশমিক ৫ শতাংশের মালিক, যার মূল্য ১ দশমিক ৮ ট্রিলিয়ন বা ১ লাখ ৮০ হাজার কোটি ইউরো।

অক্সফামের অন্তর্বর্তী প্রধান নির্বাহী আলেমা শিবজি বলেছেন, এমন চরম পরিস্থিতিকে কখনোই আদর্শ হিসেবে নেওয়া যায় না। বিশ্ব এমন বিভাজন ও বৈষম্য সৈহ্য করতে পারে না। দরিদ্রতম দেশগুলোতে চরম দারিদ্র্য এখনো করোনা মহামারির আগ মুহূর্তের চেয়ে বেশি। এরপরও বিলিয়নেয়াদের কয়েকজন আগামী ১০ বছরের মধ্যে বিশ্বের প্রথম ট্রিলিওনিয়ার হওয়ার দৌড়ে নেমেছেন।

‘ধনী ও সাধারণ মানুষদের মধ্যে সম্পদের এই অতি বিস্তর পার্থক্য দুর্ঘটনাজনিত নয়, আবার অনিবার্যও নয়। বিশ্বব্যাপী সব দেশের সরকার নিজের স্বার্থে ইচ্ছাকৃতভাবে সম্পদের এই বিকৃত কেন্দ্রীকরণকে সমর্থন ও উৎসাত দিয়ে আসছে। যেখানে কোটি কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেছ।’

আলেমা শিবজি আরও বলেন, এরপরও একটি ন্যায্য অর্থনীতি প্রতিষ্ঠা করা সম্ভব, যা আমাদের সবার জন্য সুষমভাবে কাজ করবে। এর জন্য যা দরকার তা হলো একটি সমন্বিত নীতি যা শুধু সুবিধাপ্রাপ্তদের জন্য নয়, সবার জন্য ন্যায্য কর প্রদান ও সবাইকে সাহায্য করবে।

গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে

ছবি-সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকার উদ্বিগ্ন নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এ ধরনের কর্মসূচি ঢাকায় তেমন কোনো প্রভাব ফেলবে না। সারা দেশেও বড় ধরনের সমস্যা হবে বলে সরকার মনে করছে না।

তিনি বলেন, এর আগেও আওয়ামী লীগের কর্মসূচি ছিল। ওই কর্মসূচির বিষয়ে আগের ব্রিফিংয়েও তিনি সরকারের অবস্থান জানিয়েছিলেন। এসব কর্মসূচি নিয়ে সরকার বড় ধরনের কোনো সমস্যা দেখছে না।

গোপালগঞ্জের ঘটনা নিয়ে জাহেদ উর রহমান বলেন, বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হয়েছে। তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও বিষয়টি নিয়ে কথা বলেছেন। সরকার বাংলাদেশে কোনো ধরনের নাশকতা সহ্য করবে না।

তিনি বলেন, আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। এ অবস্থায় মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। সেখানে নৃশংসতা ও সহিংসতা, বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই সরকার সহ্য করবে না।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন গতকাল থেকে ওখানে যৌথবাহিনী আছে, তারা গ্রেপ্তার হবে এবং তারা নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবেন।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গে তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত যারা এসব কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তারা নিজেদের বিপদ ডেকে আনছেন। কারণ, এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ। এসব অপরাধের দায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বহন করতে হবে।

গোপালগঞ্জের ঘটনায় পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহার এবং এর আগে গুলশানের ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, কোথাও দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতা দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, প্রত্যাহার করা মানেই সংশ্লিষ্ট কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছেন, বিষয়টি এমন নয়। কোনো না কোনো ধরনের ব্যর্থতা থাকলে সেটি স্বীকার করে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়।

গোপালগঞ্জে সহিংসতার সময় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে পুলিশ অপরিহার্য প্রতিষ্ঠান। আধুনিক রাষ্ট্রে পুলিশ থাকতেই হবে। তবে পুলিশ যেন সবচেয়ে কম বলপ্রয়োগ করে এবং সবচেয়ে কম হতাহতের মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে পারে, সেভাবেই কাজ করতে হবে।

তিনি বলেন, গোপালগঞ্জে প্রথম দিন পরিস্থিতি যেভাবে সহিংস ছিল, তাতে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। কিন্তু পরবর্তী সময়ে পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, তা সরকারের কৌশলের অংশ ছিল। তার মতে, পরিস্থিতি ব্যবস্থাপনায় সরকার সঠিক পথেই এগিয়েছে। এমনকি সরকারের সমালোচকরাও গোপালগঞ্জের পরিস্থিতি ব্যবস্থাপনার প্রশংসা করছেন বলে তিনি উল্লেখ করেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে একজন পুলিশ সুপার গ্রেপ্তার এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি নিয়ে প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সরকারের নজরদারি কীভাবে পরিচালিত হচ্ছে, তা প্রকাশ করা সম্ভব নয়। কারণ, এর সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় জড়িত।

তিনি বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সরকারি বিভিন্ন পর্যায়ে অনেক কর্মকর্তা দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বা তাদের সঙ্গে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠতা ছিল। সেটি সমস্যা নয়। কারণ, তারা প্রজাতন্ত্রের কর্মচারী এবং দায়িত্ব পালন করছেন। কিন্তু দায়িত্বে থাকা অবস্থায় কেউ যদি রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে সম্পৃক্ত থাকেন, সেটি অত্যন্ত উদ্বেগজনক।

সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জানিয়ে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারের নিজস্ব ব্যবস্থা ও বিভিন্ন উপায় রয়েছে। সরকারের প্রয়োজন হলে প্রকৃত তথ্য সংগ্রহের সক্ষমতা রয়েছে।

গোপালগঞ্জের ঘটনা ছাড়াও গঙ্গা পানি বণ্টন চুক্তি এবং বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে চুক্তির পরের অবস্থা নিয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জাহেদ উর রহমান বলেন, আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা কী চাই, কীভাবে চাই সেগুলো যথাসময়ে মিডিয়ার সামনে জানাব।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত সে রকম কোনো সম্ভাবনা নেই। চুক্তি নিয়ে আলোচনা ও সমঝোতার সঙ্গে প্রধানমন্ত্রীর সফরকে সরাসরি যুক্ত করার সুযোগ নেই।

তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে বসলে কোনো চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো অনেক আগেই চূড়ান্ত হয়ে থাকে। গঙ্গা চুক্তির ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান যথাসময়ে জানানো হবে।

শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ