খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ণ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নতুন সরকারে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। তিনি ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়া মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের পর তাদের দপ্তর বণ্টন করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য নতুন মন্ত্রিসভায়ও স্থান পেয়েছেন। কারও কারও পূর্বের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ও একই আছে। তবে এবারের মন্ত্রিসভায় নতুন মুখই বেশি।

নতুনদের মধ্যে জায়গা পেয়েছেন আওয়ামী লীগের গবেষণাধর্মী কার্যক্রম ও তথ্য-প্রযুক্তি সম্পর্কিত বিষয়গুলোর দেখভাল করা ‘থিংক ট্যাংক’-এর সদস্য হিসেবে পরিচিত অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। আরাফাত জাতীয় নির্বাচনে এই প্রথমবার অংশ নেন। যদিও তিনি এর আগে একই আসনে (ঢাকা-১৭) উপনির্বাচনে অংশ নিয়েছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে বঙ্গভবনে প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল ১০ জানুয়ারি শপথ নেন নতুন সংসদ সদস্যরা। শপথ নেওয়ার পর আওয়ামী লীগের সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচিত করেন।

সংসদ নেতা হওয়ার পর বুধবার বিকেলে সংসদ সদস্যদের আস্থাভাজন ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি শেখ হাসিনাকে নতুন সরকার গঠনের আহ্বান জানান।

এরপর প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা গঠন করেন এবং বুধবার সন্ধ্যায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গঠিত মন্ত্রিসভায় সম্মতি জ্ঞাপন করেন। এরপর মন্ত্রিসভার ওই তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন বুধবার রাতে সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তালিকায় থাকা ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করেন। ওই তালিকার একটি কপি তিনি সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৩৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন মর্মে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ২৮টি রাজনৈতিক দল অংশ নেয়। দেশের প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের জোটসঙ্গীরা নির্বাচনে অংশ নেয়নি। তারা শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে।

নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে গোলযোগের কারণে একটি আসনের ফল স্থগিত রাখা হয়েছে। বাকি ২৯৮টি আসনের ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে ২২২ আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। বাকি ৬৫ আসনের মধ্যে ৬২টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আর জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন।

গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে

ছবি-সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকার উদ্বিগ্ন নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এ ধরনের কর্মসূচি ঢাকায় তেমন কোনো প্রভাব ফেলবে না। সারা দেশেও বড় ধরনের সমস্যা হবে বলে সরকার মনে করছে না।

তিনি বলেন, এর আগেও আওয়ামী লীগের কর্মসূচি ছিল। ওই কর্মসূচির বিষয়ে আগের ব্রিফিংয়েও তিনি সরকারের অবস্থান জানিয়েছিলেন। এসব কর্মসূচি নিয়ে সরকার বড় ধরনের কোনো সমস্যা দেখছে না।

গোপালগঞ্জের ঘটনা নিয়ে জাহেদ উর রহমান বলেন, বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হয়েছে। তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও বিষয়টি নিয়ে কথা বলেছেন। সরকার বাংলাদেশে কোনো ধরনের নাশকতা সহ্য করবে না।

তিনি বলেন, আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। এ অবস্থায় মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। সেখানে নৃশংসতা ও সহিংসতা, বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই সরকার সহ্য করবে না।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন গতকাল থেকে ওখানে যৌথবাহিনী আছে, তারা গ্রেপ্তার হবে এবং তারা নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবেন।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গে তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত যারা এসব কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তারা নিজেদের বিপদ ডেকে আনছেন। কারণ, এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ। এসব অপরাধের দায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বহন করতে হবে।

গোপালগঞ্জের ঘটনায় পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহার এবং এর আগে গুলশানের ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, কোথাও দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতা দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, প্রত্যাহার করা মানেই সংশ্লিষ্ট কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছেন, বিষয়টি এমন নয়। কোনো না কোনো ধরনের ব্যর্থতা থাকলে সেটি স্বীকার করে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়।

গোপালগঞ্জে সহিংসতার সময় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে পুলিশ অপরিহার্য প্রতিষ্ঠান। আধুনিক রাষ্ট্রে পুলিশ থাকতেই হবে। তবে পুলিশ যেন সবচেয়ে কম বলপ্রয়োগ করে এবং সবচেয়ে কম হতাহতের মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে পারে, সেভাবেই কাজ করতে হবে।

তিনি বলেন, গোপালগঞ্জে প্রথম দিন পরিস্থিতি যেভাবে সহিংস ছিল, তাতে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। কিন্তু পরবর্তী সময়ে পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, তা সরকারের কৌশলের অংশ ছিল। তার মতে, পরিস্থিতি ব্যবস্থাপনায় সরকার সঠিক পথেই এগিয়েছে। এমনকি সরকারের সমালোচকরাও গোপালগঞ্জের পরিস্থিতি ব্যবস্থাপনার প্রশংসা করছেন বলে তিনি উল্লেখ করেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে একজন পুলিশ সুপার গ্রেপ্তার এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি নিয়ে প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সরকারের নজরদারি কীভাবে পরিচালিত হচ্ছে, তা প্রকাশ করা সম্ভব নয়। কারণ, এর সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় জড়িত।

তিনি বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সরকারি বিভিন্ন পর্যায়ে অনেক কর্মকর্তা দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বা তাদের সঙ্গে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠতা ছিল। সেটি সমস্যা নয়। কারণ, তারা প্রজাতন্ত্রের কর্মচারী এবং দায়িত্ব পালন করছেন। কিন্তু দায়িত্বে থাকা অবস্থায় কেউ যদি রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে সম্পৃক্ত থাকেন, সেটি অত্যন্ত উদ্বেগজনক।

সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জানিয়ে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারের নিজস্ব ব্যবস্থা ও বিভিন্ন উপায় রয়েছে। সরকারের প্রয়োজন হলে প্রকৃত তথ্য সংগ্রহের সক্ষমতা রয়েছে।

গোপালগঞ্জের ঘটনা ছাড়াও গঙ্গা পানি বণ্টন চুক্তি এবং বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে চুক্তির পরের অবস্থা নিয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জাহেদ উর রহমান বলেন, আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা কী চাই, কীভাবে চাই সেগুলো যথাসময়ে মিডিয়ার সামনে জানাব।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত সে রকম কোনো সম্ভাবনা নেই। চুক্তি নিয়ে আলোচনা ও সমঝোতার সঙ্গে প্রধানমন্ত্রীর সফরকে সরাসরি যুক্ত করার সুযোগ নেই।

তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে বসলে কোনো চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো অনেক আগেই চূড়ান্ত হয়ে থাকে। গঙ্গা চুক্তির ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান যথাসময়ে জানানো হবে।

শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ